২৭ বছরের বর্ণাঢ্য সফর শেষে নাসা থেকে অবসর নিলেন সুনীতা উইলিয়ামস
২০০৬ সালের ডিসেম্বরে ডিসকভারি শাটলে চড়ে প্রথম মহাকাশযাত্রা করেন সুনীতা।
Truth of Bengal: নাসার ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত নভশ্চর সুনীতা উইলিয়ামস অবসর নিলেন। ২৭ বছরের দীর্ঘ কর্মজীবন শেষে গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে নাসা থেকে অবসর গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি এই মার্কিন মহাকাশচারী। মঙ্গলবার এক বিবৃতিতে সেই খবর নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৯৯৮ সালে নাসায় যোগ দেন সুনীতা উইলিয়ামস। তার পর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছেন তিনি। ২০০৬ সালের ডিসেম্বরে ডিসকভারি শাটলে চড়ে প্রথম মহাকাশযাত্রা করেন সুনীতা।
নাসার এক্সপিডিশন ১৪/১৫ অভিযানে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি চারটি স্পেসওয়াক সম্পন্ন করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ২০১২ সালে দ্বিতীয়বার মহাকাশে যান সুনীতা। সেই অভিযানে ১২৭ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে স্টেশন কমান্ডারের দায়িত্ব সামলান তিনি। ২০২৪ সালে তাঁর তৃতীয় ও শেষ মহাকাশ অভিযান ছিল বোয়িং স্টারলাইনারে চড়ে আইএসএস-এ যাওয়া। ওই অভিযানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ১০ মাস মহাকাশে আটকে থাকতে হয় সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোরকে। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে ২৮৬ দিন পর পৃথিবীতে ফেরেন তাঁরা। দীর্ঘ কর্মজীবনে সুনীতা উইলিয়ামস মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন, যা নাসার ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম।
এছাড়াও তিনি ৯টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন, মোট সময় ৬২ ঘণ্টা ৬ মিনিট—যা কোনও মহিলা নভশ্চরের ক্ষেত্রে সর্বোচ্চ। মহাকাশে ম্যারাথন দৌড়নো প্রথম মানুষ হিসেবেও ইতিহাসে নাম লিখিয়েছেন সুনীতা। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সুনীতাকে মানব মহাকাশ অভিযানের অন্যতম পথিকৃৎ বলে উল্লেখ করেছেন। অবসর প্রসঙ্গে সুনীতা বলেন, ‘মহাকাশ আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই যাত্রা আমার জীবনের অন্যতম সম্মান।’






