সংসদে আর চলবে না ‘ফাঁকি’! হাজিরার নিয়মে বড় বদল আনছে কেন্দ্র
আসন্ন বাজেট অধিবেশন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
Truth of Bengal: ভারতীয় সংসদের কার্যপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লোকসভার সাংসদদের হাজিরা প্রক্রিয়ায় আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের পুরনো খাতা-কলমে সই করার প্রথা সরিয়ে এবার সম্পূর্ণ ডিজিটাল এবং প্রযুক্তিগত ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। আসন্ন বাজেট অধিবেশন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় কোনও সাংসদ সংসদে প্রবেশ করে নিজের জন্য নির্দিষ্ট আসনে বসলে তবেই তাঁর হাজিরা নথিভুক্ত হবে। আগে সংসদের বাইরে রাখা রেজিস্টারে সই করার নিয়ম ছিল। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যেত যে, সাংসদরা খাতায় সই করে ভেতরে না গিয়েই বাইরে চলে যেতেন অথবা দিনের শেষে এসে সই করতেন। এবার থেকে সেই সুযোগ আর থাকছে না। যদি কোনও সাংসদ অধিবেশনে যোগ দিতে দেরি করেন বা অধিবেশন কক্ষের ভেতরে নিজের আসনে উপস্থিত না থাকেন, তবে তাঁর হাজিরা গণ্য হবে না।
হাজিরা সংক্রান্ত এই কঠোর নিয়মের সরাসরি প্রভাব পড়বে সাংসদদের বেতনে। লোকসভা সূত্রের খবর, কোনও সাংসদ অনুপস্থিত থাকলে বা হাজিরা নথিভুক্ত না হলে তাঁর সেই দিনের দৈনিক ভাতা কাটা যাবে। এমনকি বিরোধীদের হট্টগোলের কারণে যদি সংসদ মুলতুবি হয়ে যায় এবং সাংসদরা নিজেদের আসনে না বসেন, তবে সেক্ষেত্রেও তাঁদের উপস্থিতির ওপর কোপ পড়তে পারে। লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন যে, স্বচ্ছতা বজায় রাখতেই এই আধুনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সংসদকে প্রযুক্তিবান্ধব করে তোলার লক্ষে শুধুমাত্র হাজিরা নয়, আলোচনার গুণমান বৃদ্ধিতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধিবেশনে দেওয়া বিভিন্ন ভাষার বক্তৃতার অনুবাদ আরও নির্ভুল করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্পিকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হয়েছে এবং তাতে অনুবাদের মান প্রায় ৮০ শতাংশ সঠিক হচ্ছে। আইটি সংস্থাগুলির সহায়তায় এটিকে ১০০ শতাংশ নির্ভুল করার চেষ্টা চলছে।





