কলকাতা

বিদায় বেলায় শীতের খামখেয়ালি মেজাজ! আর কি ফিরবে কনকনে ঠান্ডা?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পারদের এই ঊর্ধ্বগতি আপাতত বজায় থাকবে।

রাজ্যজুড়ে শীতের রেশ ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। মাত্র কয়েকদিন আগেও যে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছিল, তা আপাতত অনেকটাই উধাও। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। তবে সোমবার থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদের গ্রাফ।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৫ ডিগ্রি কম। শনিবারের তুলনায় সামান্য কমেছে রাতের তাপমাত্রা। অন্যদিকে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এটি স্বাভাবিকের থেকে প্রায় ১.৯ ডিগ্রি কম, তবুও শনিবারের তুলনায় কিছুটা বেড়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পারদের এই ঊর্ধ্বগতি আপাতত বজায় থাকবে। সোমবার থেকে বুধবারের মধ্যে শহরের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গভীর রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনের বেলায় শীতের দাপট তেমনভাবে টের পাওয়া যাবে না। সরস্বতী পুজো পর্যন্ত রাজ্যের আবহাওয়া মোটামুটি এমনই থাকবে বলে জানানো হয়েছে।

সরস্বতী পুজোর দিন সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। ওই দিন ঘন কুয়াশা বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীতের এমন খামখেয়ালি আচরণ দেখা যাচ্ছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং সোমবার আরও একটি নতুন ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তুরে হাওয়ার প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় ঠান্ডার দাপট কমেছে।

আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, চলতি মরশুমে শীতের জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত নেই। কলকাতার পাশাপাশি সোমবার থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যদিও বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চলের কিছু জেলায় সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

তবে শীত কমলেও কুয়াশার প্রভাব পুরোপুরি কাটছে না। সোমবার পর্যন্ত হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশা দেখা যেতে পারে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামী এক সপ্তাহে আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি।

Related Articles