দেশ

ট্রাম্পের ‘নোবেল-মোহ’ নিয়ে কটাক্ষ নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর

সেই অনুযায়ী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো এবং নিজের নোবেল পদক তাঁকে তুলে দেন।

Truth Of Bengal: জয়পুর সাহিত্য উৎসবে নোবেল শান্তি পুরস্কারজয়ী সমাজকর্মী ও লেখক কৈলাশ সত্যার্থী বলেছেন, “নোবেল পুরস্কারের জন্য এতখানি মরিয়া আগে কাউকে দেখিনি।” এই মন্তব্যের সূত্রপাত গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। গত বছর ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। তিনি কয়েক দিন আগে ঘোষণা করেছিলেন যে নিজের পুরস্কারটি তিনি মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দিতে চান। সেই অনুযায়ী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো এবং নিজের নোবেল পদক তাঁকে তুলে দেন। মাচাদোর যুক্তি, নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার ট্রাম্প, তাই তিনি তাঁর সঙ্গে পুরস্কার ভাগ করতে চান।

তবে নোবেল কমিটি আগেই স্পষ্টভাবে জানিয়েছে যে নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এই প্রসঙ্গে সত্যার্থী বলেন, “নোবেল কমিটি খুব স্পষ্টভাবে জানিয়েছে যে এই পুরস্কার হস্তান্তরযোগ্য নয়,” এবং তারপর মার্কিন প্রেসিডেন্টের নাম না করে যোগ করেন, “নোবেল পুরস্কারের জন্য এতখানি মরিয়া আগে কাউকে দেখিনি।”

মাচাদো নোবেল পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “আমি নোবেল শান্তি পুরস্কারের পদক মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছি। আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা স্বরূপ এই পুরস্কার তুলে দিলাম।”

অন্যদিকে নোবেল পুরস্কার হাতে পাওয়ার পর ট্রাম্প বলেন, “যে কাজটা আমি করেছিলাম, সেটার পুরস্কার পেয়েছিল মারিয়া। তাই আমার হাতে পুরস্কার তুলে দিল।” সূত্রের খবর, নোবেল পুরস্কারের পদক নিজের কাছেই রেখে দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য ট্রাম্প বারবার নিজেকে যোগ্য দাবি করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরস্কার পেতে পারেননি।