BB Ganguly Street: বি বি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবপত্রের দোকানে বিধ্বংসী আগুন
দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, যার ফলে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
Truth of Bengal: বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতার অন্যতম জনবহুল এলাকা বি বি গাঙ্গুলি স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় একটি আসবাবপত্রের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, যার ফলে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
বি বি গাঙ্গুলি স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে pic.twitter.com/94TpQyZC4M
— TOB DIGITAL (@DigitalTob) January 14, 2026
খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং উত্তুরে হাওয়ার দাপট থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, হাওয়া যেভাবে বইছে তাতে আগুন পাশের বহুতল ভবনগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য পার্শ্ববর্তী দোকানগুলো থেকে দ্রুত প্লাইউড ও কাঠের আসবাবপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রায় ৪০ মিনিট পার হয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।






