বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শন, দুর্গতদের হাতে খাবার তুলে দিলেন শুভঙ্কর সরকার
মঙ্গলবার সকালে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছয়। দুধিয়ায় ভেঙে পড়া সেতু পরিদর্শন করেন তারা।
Truth Of Bengal: উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার সকালে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছয়। দুধিয়ায় ভেঙে পড়া সেতু পরিদর্শন করেন তারা।

সেখান থেকে মিরিকের পথে একাধিক ভূমিধস প্রবণ এলাকা পরিদর্শন করেন। দুর্গত এলাকায় গিয়ে শুকনো খাবার তুলে দেন দুর্গতদের হাতে। এদিন শুভঙ্কর সরকার বলেন, এই সংকটকালে রাজনীতি করার সময় নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে কাজ করতে হবে। এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা একা রাজ্যের পক্ষেও সম্ভব নয়। কেন্দ্রকে সব ধরনের সহযোগিতা করে পরিকাঠামো গঠনে মনোযোগী হওয়া উচিত। এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানান তিনি। তবেই ভেঙে পড়া পরিকাঠামো গড়ে তুলতে সঠিক কাজ করা সম্ভব হবে।

কেন্দ্রের শাসক দল বনাম রাজ্যের শাসকদলের যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে তা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার মতে এই সময় কোন পক্ষের রাজনীতি করা উচিত নয়। এলাকা পরিদর্শন করে সামগ্রিক রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বকে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভঙ্কর সরকার। পাশাপাশি রাহুল গান্ধীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করে দেন তিনি।






