আন্তর্জাতিক

চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়ল ক্রেন, থাইল্যান্ডে মৃত অন্তত ২২

উদ্ধার অভিযান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরা।

Truth Of Bengal: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নাখন রাটচাসিমা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ল বিশালাকার ক্রেন। ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। বুধবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। ক্রেনটি ট্রেনের ওপর আছড়ে পড়লে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণ স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংকক থেকে উবোন রাতচাথানিগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ওপর থেকে ক্রেনটি সজোরে দ্বিতীয় বগির ওপর আছড়ে পড়ে, যার জেরে বগিটিকে দ্বিখণ্ডিত হয়ে যায়। স্থানীয় বাসিন্দা মিত্র ইনত্রাপানিয়া (৫৪) জানান, “প্রথমে ওপর থেকে কিছু পড়ে যাওয়ার তীব্র শব্দ শুনি, এর পরপরই দুটি বড় বিস্ফোরণ ঘটে। গিয়ে দেখি একটি ক্রেন ট্রেনের ওপর পড়ে আছে।”

উদ্ধার অভিযান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত ও কাত হয়ে যাওয়া বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে দীর্ঘক্ষণ চেষ্টা চালানো হয়। তবে দুর্ঘটনাস্থলে ‘রাসায়নিক লিক’ হওয়ার আশঙ্কায় এক পর্যায়ে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। জেলা পুলিশ প্রধান থাচাপন চিনাওয়ং জানিয়েছেন, হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রকল্প ও নিরাপত্তা উদ্বেগ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি চীন সমর্থিত ৫.৪ বিলিয়ন ডলারের একটি উচ্চগতি সম্পন্ন রেল প্রকল্পের নির্মাণাধীন এলাকা ছিল। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় এই রেললাইনটি ব্যাংককের সঙ্গে চীনের কুনমিং শহরকে সংযুক্ত করার কথা।

থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী ফিপাত রাতচাকিতপ্রাকান এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, থাইল্যান্ডের নির্মাণ শিল্পে নিরাপত্তা আইনের শিথিল প্রয়োগের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ রয়েছে।

Related Articles