খেলা

বক্সিং চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় নিখাত জারিন ও লাভলিনার

জয়ের পর আবেগঘন হুসামুদ্দিন বলেন, চোটের পর নিজেকে আবার প্রমাণ করা খুব জরুরি ছিল।

Truth Of Bengal: গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত  হল  এলিট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ। আর এই চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নজর কাড়লেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন ও লাভলিনা বরগোহাইন। একই সঙ্গে দীর্ঘদিন চোটের জন্য রিংয়ের বাইরে থাকা মহম্মদ হুসামুদ্দিনের প্রত্যাবর্তনও নজর কাড়ল।বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী মহম্মদ হুসামুদ্দিন ৬০ কেজি বিভাগে সোনা জিতে প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ও সতীর্থ সচিন সিওয়াচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পান হুসামুদ্দিন। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও অভিজ্ঞতা, নিখুঁত কাউন্টার-পাঞ্চ ও রিং কন্ট্রোলে ম্যাচ নিজের দিকে ঘুরিয়ে নেন ৩১ বছর বয়সি এই বক্সার।

জয়ের পর আবেগঘন হুসামুদ্দিন বলেন, চোটের পর নিজেকে আবার প্রমাণ করা খুব জরুরি ছিল। সামনে অনেক বড় টুর্নামেন্ট রয়েছে, এই জয় আমাকে আত্মবিশ্বাস দেবে। মহিলা ৫১ কেজি (ফ্লাইওয়েট) বিভাগে তেলেঙ্গানার নিখাত জারিন নিজের তৃতীয় জাতীয় খেতাব জয় করলেন। ফাইনালে তিনি পরাস্ত করেন হরিয়ানার নিতু ঘাংঘাসকে, যিনি ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। শুরুতে আক্রমণাত্মক ছিলেন নিতু, তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত এবং সর্বসম্মত সিদ্ধান্তে জয় পান।নিখাত বলেন, নতুন মরসুম জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে শুরু করা সবসময়ই বিশেষ। সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস রয়েছে। আরও উন্নতির দিকে মনোযোগ দেব।৭৫ কেজি বিভাগে টোকিও অলিম্পিক ব্রোঞ্জজয়ী লাভলিনা বরগোহাইন একতরফা লড়াইয়ে রেলওয়েজের সানামাচা চানুকে ৫-০ ব্যবধানে হারিয়ে খেতাব জেতেন। দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে থাকার পর এই জয় তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

অন্যদিকে ৮০ কেজি বিভাগে হরিয়ানার অভিজ্ঞ বক্সার পূজারানি রাজি রাজ্যেরই নাইনাকে ৫-০ ব্যবধানে হারিয়ে জিতলেন নিজের কেরিয়ারের দশম জাতীয় সোনা।পুরুষদের বিভাগে ৫৫ কেজিতে সোনা জিতে নজর কাড়লেন মণিপুরের জাদুমণি সিং। ফাইনালে তিনি সার্ভিসেসের পবন বার্তালকে হারান এবং টুর্নামেন্টের সেরা পুরুষ বক্সার নির্বাচিত হন। এর আগে সেমিফাইনালে তিনি দুইবারের অলিম্পিয়ান অমিত পাঙ্গালকেও হারিয়েছিলেন।পুরো প্রতিযোগিতায় সার্ভিসেসের আধিপত্য স্পষ্ট ছিল। ২৫টি ফাইনালের মধ্যে ২০ জন বক্সারই ছিলেন সার্ভিসেসের প্রতিনিধি।