ক্লাবে যোগ দিয়েই গোল সেমেনিয়োর, এফএ কাপে ১০ গোলে জয় ম্যাঞ্চেস্টার সিটির
২৪ মিনিটে দীর্ঘদিন চোটে ভোগার পর রদ্রি গোল করে ব্যবধান বাড়ান।
Truth Of Bengal: এফএ কাপের তৃতীয় রাউন্ডে নজির গড়লেন ম্যাঞ্চেস্টার সিটি। তৃতীয় ডিভিশনের দল এক্সেটার সিটির বিরুদ্ধে নেমে পেপ গুয়ার্দিওলার দল ১০-১ গোলে জয় পেল। প্রথম দলের একাধিক তারকাকে বিশ্রাম দিয়েও একতরফা ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিল সিটি। নতুন ক্লাবে যোগ দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই গোল করে নজর কাড়লেন আঁতোয়া সেমেনিয়ো।এতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিটির দখলে। ১২ মিনিটে ম্যাক্স অ্যালেন সিটিকে এগিয়ে দেন। ২৪ মিনিটে দীর্ঘদিন চোটে ভোগার পর রদ্রি গোল করে ব্যবধান বাড়ান। এরপর জ্যাক ডয়েল-হায়েস ও জ্যাক ফিৎজ়ওয়াটারের আত্মঘাতী গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪-০ এগিয়ে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গুয়ার্দিওলার দল। ৪৯ মিনিটে সেমেনিয়োর পাস থেকে গোল করেন রিকো লুইস। পাঁচ মিনিট পরেই নিজের অভিষেক ম্যাচে গোল করে স্কোরলাইন ৬-০ করেন সেমেনিয়ো। ৭১ মিনিটে দূরপাল্লার শটে সপ্তম গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স। এরপর নিকো ও’রিলি হেডে অষ্টম গোল করেন। ৮৬ মিনিটে ১৭ বছরের রায়ান ম্যাকআইডু নবম গোলটি যোগ করেন। শেষ পর্যন্ত স্টপেজ টাইমে রিকো লুইস নিজের দ্বিতীয় গোল করে সিটির দশ পূর্ণ করেন।
এক্সেটারের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন জর্জ বার্চ। এই জয়ের ফলে ১৯৮৭ সালের পর এটি সিটির সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ২০১৯ সালে বার্টন অ্যালবিয়নকে ৯-০ গোলে হারিয়েছিল সিটি।
এই ম্যাচে সেমেনিয়ো একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। বোর্নমাউথ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডে সদ্য সিটিতে যোগ দেওয়া ঘানার এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে খুশি গুয়ার্দিওলা শিবির। যদিও এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে টাচলাইনে ছিলেন না সিটি কোচ, তবু দল নির্বাচনেই স্পষ্ট ছিল তাঁর জেতার মানসিকতা।
অন্যদিকে বড় অঘটনের সাক্ষী থাকল এফএ কাপ। গতবারের চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস তৃতীয় রাউন্ডেই বিদায় নিল। ষষ্ঠ ডিভিশনের ক্লাব ম্যাকলসফিল্ডের কাছে ১-২ গোলে হেরে ছিটকে গেল প্যালেস। ম্যাকলসফিল্ডের হয়ে গোল করেন পল ডসন ও ইসাক বাকলি-রিকেটস। প্যালেসের হয়ে একমাত্র গোলটি করেন ইয়েরেমি পিনো। ম্যাচের পর দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, এই ধরনের পারফরম্যান্স কোনওভাবেই মেনে নেওয়া যায় না।






