জীবনবীমা আপডেটের নামে প্রতারণা, গ্রেফতার ১
শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তকে কাঁকসায় আনা হয় এবং শনিবার তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
Truth Of Bengal: সনাতন গরাই,দুর্গাপুর: জীবনবীমার আপডেটের নামে প্রবীণ নাগরিককে প্রতারণার অভিযোগে মুম্বাই থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ভিনরাজ্যে বসে পরিকল্পিতভাবে জালিয়াতি চালানোর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবুদারদা আহম্মেদ। তার বাড়ি উত্তরপ্রদেশে হলেও বর্তমানে সে মুম্বাইয়ে বসবাস করছিল। অভিযোগ পাওয়ার পর প্রযুক্তিগত সূত্র ও তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে পুলিশ। এরপর মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে প্রথমে মুম্বাইয়ের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে আনা হয়। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তকে কাঁকসায় আনা হয় এবং শনিবার তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অভিযোগকারী কাঁকসার তপোবন এলাকার বাসিন্দা অশোক কুমার রায়। তাঁর অভিযোগ, নিজেকে সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি পরিচয় দিয়ে অভিযুক্ত ফোন করে। লাইফ সার্টিফিকেট আপডেট না হলে পেনশন বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখানো হয়। এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। এইভাবে মোট ৬ লক্ষ ২২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।ঘটনার বিষয়টি বুঝতে পেরে অশোকবাবু কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, প্রবীণ নাগরিকদের টার্গেট করেই পরিকল্পিতভাবে এই প্রতারণা চালানো হচ্ছিল।পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি রাজকুমার মালাকার বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত চলছে।






