“হয় মা, নয় সংসার!”, বিস্ফোরক অভিযোগ দেবলীনা নন্দীর মায়ের
সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের দাম্পত্য জীবনের কষ্টের কথা ভাগ করে নিয়েছিলেন দেবলীনা।
Truth Of Bengal: মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য স্বামীর তরফে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন গায়িকা ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। “হয় মা, নয় সংসার”—এই ধরনের কথাই নাকি তাঁকে বারবার শুনতে হত। সেই অসহনীয় মানসিক যন্ত্রণার ভার সইতে না পেরে একসময় চরম সিদ্ধান্তের দিকেই এগোতে বাধ্য হয়েছিলেন দেবলীনা। সোশাল মিডিয়ায় তাঁর রঙিন দাম্পত্যজীবনের ছবি ও ভিডিও দেখে যা বোঝা যেত, বাস্তবে তার আড়ালে জমে ছিল গভীর কষ্ট ও একাকিত্ব।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের দাম্পত্য জীবনের কষ্টের কথা ভাগ করে নিয়েছিলেন দেবলীনা। তবে তারপরই বিষয়টি যে এতদূর গড়াবে, তা তাঁর অনুরাগীরাও কল্পনা করতে পারেননি। দেবলীনার জীবনে ঠিক কী ঘটছিল, তা নিয়ে এবার মুখ খুললেন তাঁর মা। সংবাদমাধ্যমকে তিনি জানান, গত বছরের আগস্ট মাসেই মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকি শাশুড়ির তরফ থেকেই আলাদা থাকার পরামর্শ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
দেবলিনার মায়ের আরও দাবি, শ্বশুরবাড়িতে মেয়েকে নানা সময় অশালীন মন্তব্য ও অপমানের মুখে পড়তে হয়েছে। শ্বশুরের তরফেও কুরুচিকর মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। এসব সত্ত্বেও মেয়ের সংসার ভেঙে যাবে—এই আশঙ্কায় তখন প্রতিবাদ করেননি বলেই জানান তিনি। তাঁর কথায়, বিয়ের পর থেকেই দেবলীনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন, এমনকি মারধরের ঘটনাও ঘটেছে। তবুও সমাজের ভয় ও মানুষের দৃষ্টিভঙ্গির কথা ভেবে দেবলীনা কখনও পুলিশের দ্বারস্থ হতে চাননি।
কান্নাজড়ানো গলায় দেবলীনার মা বলেন, “মেয়ে ফোন না ধরলেই মনে হত, ওকে ওরা মেরে ফেলল না তো!” শুধু মেয়েই নয়, শ্বশুরবাড়িতে গিয়ে তাঁকেও বারবার অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন সময়ে তাঁকে কটূক্তি করা হয়েছে বলেও দাবি। তবে ভবিষ্যতে দেবলীনা তাঁর স্বামীর সঙ্গে থাকবেন কিনা, সে সিদ্ধান্ত মেয়ের উপরই ছেড়ে দিয়েছেন তাঁর মা।
এই ঘটনার পর গোটা নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হলেও এখনও পর্যন্ত দেবলীনার পাইলট স্বামী বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি বলেই জানা যাচ্ছে।


