Weather Update: জানুয়ারির শুরুতেই উধাও শীতের আমেজ! আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চড়বে পারদ
এরপরের তিন দিনে তাপমাত্রার খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে জানুয়ারির শুরুতে যারা তীব্র শীতের আশায় ছিলেন, তাদের জন্য পরিস্থিতি কিছুটা হতাশাজনক হতে পারে।
Truth of Bengal: নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের দাপটে খানিকটা ভাটা পড়েছে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, যার ফলে কনকনে ঠান্ডার অনুভূতি অনেকটাই হ্রাস পাবে।আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বা রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এরপরের তিন দিনে তাপমাত্রার খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে জানুয়ারির শুরুতে যারা তীব্র শীতের আশায় ছিলেন, তাদের জন্য পরিস্থিতি কিছুটা হতাশাজনক হতে পারে।
তবে আবহাওয়াবিদদের মতে, এই উষ্ণতা দীর্ঘস্থায়ী নয়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আপাতত পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ফের শীতের অনুভূতি ফিরতে পারে। ঝঞ্ঝার প্রভাব কমে গেলে উত্তরের ঠান্ডা হাওয়া আবার বাংলার সমতলে প্রবেশ করবে এবং তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বর্ধমান এবং বীরভূম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে শীতের চরিত্র সম্পূর্ণ আলাদা। সেখানে ঠান্ডার দাপট এখনও জোরালো এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস। পার্বত্য এলাকায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। দার্জিলিঙের উঁচু অঞ্চলে তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার প্রভাব আরও বেশি থাকবে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার আশঙ্কায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে সকালবেলায় যান চলাচলে সমস্যা হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।






