দেশ

কয়লা খনি ঘিরে রণক্ষেত্র ছত্তীসগঢ়! আক্রান্ত মহিলা কনস্টেবল

Truth Of Bengal: কয়লা খনি প্রকল্পের বিরোধিতাকে কেন্দ্র করে ছত্তীসগঢ়ের রায়গড় জেলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের হটাতে গিয়ে আক্রান্ত হতে হল এক মহিলা কনস্টেবলকে। ঘটনাটি ঘটে গত ২৭ ডিসেম্বর। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।

যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আরো খবর। জানা গিয়েছে, রায়গড়ের তামনার ব্লকের ১৪টি গ্রামের বাসিন্দারা একটি কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সেই বিক্ষোভ দ্রুতই হিংসাত্মক হয়ে ওঠে। হাজারেরও বেশি গ্রামবাসীর অংশগ্রহণে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ প্রবল বাধার মুখে পড়ে। অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে শুধু সরকারি সম্পত্তিই নয়, ব্যক্তিগত সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পুলিশকে পিছু হটতে বাধ্য হয়।

অভিযোগ অনুযায়ী, সেই সময় কয়েক জন বিক্ষোভকারী এক মহিলা পুলিশকর্মীকে তাড়া করেন। তিনি মাটিতে পড়ে গেলে কাতরভাবে সাহায্যের আবেদনও জানান। কিন্তু তাতেও রেহাই মেলেনি। হামলাকারীরা তাঁকে জিজ্ঞাসা করতে থাকে, কেন তিনি সেখানে এসেছেন। এরপর তাঁকে মারধর করা হয় এবং ছিঁড়ে দেওয়া হয় তাঁর উর্দি। ঘটনার পরেই পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই দুই জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles