কলকাতা

৮ মাসে নতুন স্টেশনের প্রতিশ্রুতি, ৬ মাসেও শুরুই হল না ভাঙার কাজ! কবে ঠিক হবে কবি সুভাষ মেট্রো?

কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। স্টেশন বন্ধ হওয়ার পর প্রায় ছয় মাস কেটে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।

Truth of Bengal: মেট্রোর ব্লু লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন কবি সুভাষের পুনর্নির্মাণ ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। স্টেশনের পিলারে ফাটল ও অন্যান্য পরিকাঠামোগত ত্রুটির কারণে গোটা স্টেশনটি ভেঙে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়া হয়েছিল যে, মাত্র ৮ থেকে ৯ মাসের মধ্যেই ভোল বদলে যাবে এই স্টেশনের। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। স্টেশন বন্ধ হওয়ার পর প্রায় ছয় মাস কেটে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে স্টেশনটি কার্যত একটি কঙ্কালসার এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কবি সুভাষ স্টেশনের বর্তমান অবস্থার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেশনের বিভিন্ন অংশে জঙ্গল গজিয়ে উঠেছে এবং সংস্কার তো দূর, ভাঙার কাজও ঠিকমতো শুরু হয়নি। একসময়ের জনবহুল এই স্টেশনের এমন শ্রীহীন চেহারা দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা। ভাইরালের জেরে মেট্রো কর্তৃপক্ষও বেশ বিড়ম্বনায় পড়েছে। কিন্তু কেন কাজে এই দীর্ঘসূত্রতা, তার সদুত্তর এখনও মিলছে না। এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্লু লাইনের পরিষেবা নিয়ে। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবে নাগাদ এই স্টেশনে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে মেট্রো কর্তারা স্পষ্ট করে কিছুই জানাতে পারছেন না। ফলে দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ রুটের যাত্রীদের যাতায়াত নিয়ে দীর্ঘকালীন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু কবি সুভাষ স্টেশনই নয়, শহিদ ক্ষুদিরাম স্টেশনের ক্রসওভার তৈরির কাজও এখন বিশ বাঁও জলে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্রসওভারের কাজ দ্রুত শেষ করা হবে। কিন্তু সেই কাজের অগ্রগতি নিয়েও কোনো ইতিবাচক সংকেত মিলছে না। পরিকাঠামোগত এই ঢিলেমির ফলে পরিষেবার মান এবং সময়ানুবর্তিতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে। মেট্রো প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষুব্ধ যাত্রী সাধারণ এখন বিকল্প যাতায়াতের কথা ভাবতে শুরু করেছেন।