শুনানিতে BLA-দের প্রবেশের অনুমতি নেই কেন? বিডিও-র কাছে লিখিত জবাব চাইলেন অসিত মজুমদার
দীর্ঘ ক্ষণ বসে থাকতে হচ্ছে। এর বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল।
Truth Of Bengal: শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত শুনানি পর্ব।অভিযোগ, কমিশনের প্রক্রিয়ায় এখনও অনেক ত্রুটি রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও কেউ কেউ ডাক পাচ্ছেন বলে দাবি। অসুস্থ এবং বয়স্কদেরও দূরের শুনানিকেন্দ্রে বাধ্যতামূলক ভাবে হাজিরা দিতে হচ্ছে। দীর্ঘ ক্ষণ বসে থাকতে হচ্ছে। এর বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল।
সোমবারের পর মঙ্গলবারও এই শুনানি পর্ব নিয়ে সরব হলেন চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার চুঁচুড়া-মগরা ব্লকে এসআইআর শুনানি চলাকালীন ব্লক স্তরের এজেন্টদের (বিএলএ) উপস্থিতির দাবিতে সরব হয়েছিলেন চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক। এরপর মঙ্গলবার একই দাবিতে পোলবা-দাদপুর ব্লক অফিসে হাজির হন বিধায়ক অসিত মজুমদার।তিনি সরাসরি বিডিও-র ঘরে ঢুকে পড়েন।
কিছুক্ষণ পরে বিডিও জগদীশচন্দ্র বারুই সেখানে উপস্থিত হলে বিধায়ক তাঁর দাবি তুলে ধরেন। তবে বিডিও স্পষ্টভাবে জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শুনানি কক্ষে বিএলএ-দের প্রবেশের কোনও অনুমতি নেই।এরপর বিধায়ক বিডিও-কে ওই বক্তব্য লিখিত আকারে দিতে বলেন। কিন্তু বিডিও তা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে বিধায়ক শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন।






