দেশবিনোদন

সাধুসন্তদের প্রতিবাদে বাধ্য হয়ে বাতিল করা হল সানি লিওনির মথুরা শো

ধর্মীয় সংগঠনগুলোর দাবি, মথুরা ধাম বহু বছর ধরে শ্রী কৃষ্ণের স্মৃতিধাম হিসেবে পবিত্রতা বজায় রেখেছে।

Truth Of Bengal: নতুন বছরের শুরুতে, অর্থাৎ পয়লা জানুয়ারি, উত্তরপ্রদেশের মথুরাধামে একটি পানশালায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অভিনেত্রী সানি লিওনির জন্য। তবে খবরটি প্রকাশ হতেই স্থানীয় সাধুসন্ত ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। মথুরার ঐতিহ্য ও পবিত্রতার প্রতি সম্মান জানিয়ে এই অনুষ্ঠান বাতিল করার জন্য উদ্যোক্তাদের উপর চাপ সৃষ্টি করা হয়। ধর্মীয় সংগঠনগুলোর দাবি, মথুরা ধাম বহু বছর ধরে শ্রী কৃষ্ণের স্মৃতিধাম হিসেবে পবিত্রতা বজায় রেখেছে। এমন পবিত্র স্থানে সানি লিওনির মতো অভিনেত্রীকে আনা শুধু ব্রজভূমির মর্যাদা হানি করবে না, শ্রী কৃষ্ণেরও অপমান ঘটাবে।

চাপে পড়ে শেষ পর্যন্ত শো বাতিল করতে বাধ্য হন অনুষ্ঠান উদ্যোক্তারা। সানি লিওনি, যিনি এক সময়ের নীল ছবির নায়িকা হিসেবে পরিচিত ছিলেন, বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মহেশ ভাটের ছবির মাধ্যমে। জনপ্রিয় ‘বিগ বস’ শোতে অংশগ্রহণ করে আরও বেশি মানুষের কাছে পৌঁছেছেন তিনি। নীল ছবির জগৎ ছেড়ে সানি স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন, বর্তমানে তিন সন্তান ও স্বামীসহ সুখী গৃহজীবন কেটাচ্ছেন।

তবে ব্রজভূমির এই ঘটনা আবারও প্রমাণ করলো, অতীতকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করলেও সবসময় তা সহজভাবে কার্যকর হয় না। সানি লিওনির অতীতের ছায়া এখনও কিছু ক্ষেত্রে সমাজের মনোভাবের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে।