রাজ্যের খবর

পথকুকুরের দাপটে আতঙ্ক ক্যানিংয়ে, শতাধিক মানুষকে কামড়ের অভিযোগ

গালর্স স্কুল পাড়ার বাসিন্দা অশোকারণী মণ্ডলের অভিযোগ,কুকুরটি এলাকায় কাউকেই রেহাই দিচ্ছে না।

Truth Of Bengal: লোকেশ হালদার,দক্ষিণ চব্বিশ পরগনা: পথকুকুরের দাপটে চরম আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গালর্স স্কুল পাড়া সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একটি পথকুকুর ইতিমধ্যেই শতাধিক মানুষকে কামড়েছে। দিনের পর দিন এমন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দা ও নিত্য পথচারীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুকুরটি ধীর গতিতে মানুষের পাশে এসে সুযোগ বুঝে আচমকা কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে। ফলে শিশুরা যেমন স্কুলে যেতে ভয় পাচ্ছে, তেমনই বহু মানুষ দিনের বেলাতেও ঘরের দরজা বন্ধ করে থাকতে বাধ্য হচ্ছেন।

গালর্স স্কুল পাড়ার বাসিন্দা অশোকারণী মণ্ডলের অভিযোগ,কুকুরটি এলাকায় কাউকেই রেহাই দিচ্ছে না। ইতিমধ্যেই প্রায় দু’শোর বেশি মানুষ কামড়ে আক্রান্ত হয়েছেন। আমরা সবাই ভয়ে আছি। প্রশাসন যদি কুকুরটিকে ধরে নিয়ে যায়, তাহলে অন্তত এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে।একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এলাকার যুবক সুরোজিত দাস। তিনি বলেন,বাজার থেকে হেঁটে ফিরছিলাম। কুকুরটি ধীরে ধীরে পাশে আসছিল। আচমকা পিছন থেকে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। শুধু আমাকে নয়, ওই দিন আরও চারজনকে কামড়েছে। ইতিমধ্যেই শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁতে পারে।

এলাকার প্রবীণ বাসিন্দা সমীর দাসের আশঙ্কা,একটি কুকুরের দাপটে গোটা এলাকা অতিষ্ঠ। নিত্য পথচারীরাও আতঙ্কে রয়েছেন। প্রশাসন যদি এখনই পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এমনকি আতঙ্কে কেউ কুকুরটিকে মেরে ফেলতেও পারে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ও পুরসভা কুকুরটিকে উদ্ধার করে উপযুক্ত ব্যবস্থা নিক। একই সঙ্গে কামড়ে আক্রান্তদের চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিত করারও আবেদন জানিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে দ্রুত এই কুকুরটি উদ্ধার করবে বলে আশ্বাস দিয়েছে।

Related Articles