মার্চের মধ্যেই ভোলবদল হাওড়ার! জেলাজুড়ে ৮৮২টি নতুন রাস্তা তৈরির মেগা লক্ষ্যমাত্রা প্রশাসনের
এর পাশাপাশি শহরাঞ্চলের ৩৮৩টি রাস্তা নিয়ে মোট ২৩৫ কিমি রাস্তা তৈরি হচ্ছে।
Truth Of Bengal: সুমন আদক, হাওড়া: আগামী মার্চ মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা। হাওড়ায় ‘পথশ্রী-রাস্তাশ্রী ৪’ প্রকল্পে সারা জেলা জুড়ে হবে ৮৮২টি রাস্তা, জানালেন জেলাশাসক ড. পি দীপাপপ্রিয়া। তিনি জানান, এর মধ্যে জেলার গ্রামীণ এলাকায় মোট ৪৯৯টি এবং শহরাঞ্চলে ৩৮৩টি রাস্তা তৈরি হচ্ছে। জেলার গ্রামীণ এলাকার ৪৯৯টি রাস্তা নিয়ে ৯২৪ কিমি রাস্তা তৈরি হবে।
এর মধ্যে ১৬০টি রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। এর জন্য ৫০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি শহরাঞ্চলের ৩৮৩টি রাস্তা নিয়ে মোট ২৩৫ কিমি রাস্তা তৈরি হচ্ছে। এই কাজের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে বলে তিনি জানান। জেলাশাসক বলেন, শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। কোথায় কি কি কাজ হচ্ছে, কতটা রাস্তা তৈরি হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত তথ্য মাইকিং করে এলাকাবাসীদের জানানো হবে।
এছাড়াও ফেস্টুন, পোস্টার, ট্যাবলো, ব্যানারের মাধ্যমে সমস্ত কাজের প্রচার চালানো হবে। বাড়ি বাড়িও প্রচার চালানো হবে। এছাড়াও কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের একটি দল বিভিন্ন এলাকায় পরিদর্শন করবে। আগামী মার্চ মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।






