ভোটার তালিকায় কোপ, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
বৈঠক থেকেই বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
Truth Of Bengal: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও পার্শ্ববর্তী তিন জেলার বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় ১৪ হাজার বিএলএ উপস্থিত ছিলেন। বৈঠক থেকেই বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। তাঁর কথায়, “এমন নির্লজ্জ নির্বাচন কমিশন আমি আগে দেখিনি। বিজেপির হাতে ধরা কয়েকজন ক্রীতদাস কাজ করছে। ভোটের আগে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা চলছে, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।” তিনি বলেন, ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে আরও দেড় কোটির বেশি নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ডিলিমিটেশনের কারণে বহু ভোটারের ভোটকেন্দ্র বদলে গেছে। খুব অল্প সময়ের মধ্যে একের পর এক নির্দেশ জারি করে সাধারণ মানুষ ও নির্বাচনী কর্মীদের চরম সমস্যার মধ্যে ফেলা হচ্ছে। তাঁর অভিযোগ, কোনও সুপরিকল্পনা ছাড়াই বেআইনি ও অসাংবিধানিকভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
এদিন নাম না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লি থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে, যাঁরা রাজ্যের ভাষা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত নন। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ বারবার বদলানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কর্মীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। নেতারা নয়, কর্মীরাই পারবে। জীবনে টাকার দাম নেই, কাজের দাম আছে।” সবশেষে তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক বিসর্জন নিশ্চিত এবং এসআইআর ইস্যুতে বিজেপির উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক।






