আন্তর্জাতিক

সস্ত্রীক ১৭ বছরের জেল! নয়া মামলায় ফের বিপাকে ইমরান খান

অধিকাংশ মামলায় ইতিমধ্যেই জেলবন্দি থাকা ইমরানের ওপর এবার ২০২১ সালের একটি মামলা যুক্ত হয়েছে।

Truth Of Bengal: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির পথ বন্ধ করতে শাহবাজ সরকারের পদক্ষেপ তীব্র হচ্ছে। এ লক্ষ্যেই একের পর এক মামলার জালে ফসিয়ে দেওয়া হচ্ছে তাকে। সম্প্রতি একটি নতুন দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানি আদালত। একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবিকেও ১৭ বছরের সাজা হয়েছে।

অধিকাংশ মামলায় ইতিমধ্যেই জেলবন্দি থাকা ইমরানের ওপর এবার ২০২১ সালের একটি মামলা যুক্ত হয়েছে। ওই বছরের সৌদি আরবের সরকারি উপহারের সঙ্গে সম্পর্কিত দুর্নীতি মামলায় ইমরান ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। পাকিস্তান দণ্ড সংহিতার ৪০৯ ধারা অনুযায়ী ১০ বছরের কারাদণ্ড এবং অন্যান্য ধারায় ৭ বছরের অতিরিক্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে মোট দুই কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে এই নতুন মামলা ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্য ও সমর্থকরাও সরকারের নজরে আসছেন। আদিয়ালা জেলের বাইরে সমর্থকদের সঙ্গে বিক্ষোভ দেখানোর অভিযোগে তার বোনের বিরুদ্ধে বুধবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। জানা গেছে, জেল কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে তিনি সমর্থকদের সঙ্গে ধরনায় বসেছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমরান খান জেলবন্দি। ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড হয়েছে, এবং একই মামলায় তার স্ত্রীকে ৭ বছরের সাজা হয়েছে। ২০২৩ সালে পাকিস্তানজুড়ে বড় ধরনের বিদ্রোহের পরও ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বিচার চলছে। এসবের মধ্যে এবার ১৭ বছরের নতুন কারাদণ্ড ঘোষণার মধ্য দিয়ে তার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Related Articles