আন্তর্জাতিক

ইমরান খানের বোনেদের বিরুদ্ধে মামলা দায়ের, আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ

সেই ঘটনায় সরাসরি জেলের বাইরে বিক্ষোভ দেখানোয় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ১৪ জন নেতা-কর্মীও গ্রেফতার হয়েছেন। 

Truth Of Bengal: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন আলিমা খান এবং নৌরিন নিয়াজির বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা দায়ের করেছে শাহবাজ শরিফের সরকার। অভিযোগ, জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগ তুলে তারা আদিয়ালা জেলের সামনে বিক্ষোভে বসেছিলেন। সেই ঘটনায় সরাসরি জেলের বাইরে বিক্ষোভ দেখানোয় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ১৪ জন নেতা-কর্মীও গ্রেফতার হয়েছেন।

গত মঙ্গলবার ইমরানের সঙ্গে দেখা করার জন্য তাঁর তিন বোন জেলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেল আফ্রিদি। কিন্তু কর্তৃপক্ষ কাউকেই ইমরানের সঙ্গে দেখা করতে দেয়নি। এই বাধার কারণে জেলের বাইরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বুধবারও ইমরানের তিন বোন এবং অন্যান্য পিটিআই সমর্থকেরা জেলের বাইরে বিক্ষোভ দেখান, যার ফলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

এরপরই রাওয়ালপিন্ডির সদর বেরোনি থানায় আলিমা খান ও নৌরিন নিয়াজির বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনের ধারায় এফআইআর দায়ের করা হয়। একই সঙ্গে মামলা হয়েছে পিটিআই নেতা সলমন আক্রম রাজা, নইম পঞ্জোথা, কাসিম খান, আলিয়া হামজা এবং রাজা নাসির আব্বাসের বিরুদ্ধে। অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, পুলিশকর্মীদের উপর হামলা এবং ১৪৪ ধারা লঙ্ঘনের মতো গুরুতর কার্যক্রম।

ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে বন্দি। সম্প্রতি তিনি বিভিন্ন সমাজমাধ্যমে অভিযোগ করেছেন, জেলে তাঁর উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে তিনি সরাসরি আঙুল তুলেছেন। এর পর থেকেই ইমরানের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে তাঁর বোনেরা বারবার সরব হয়েছেন। যদিও গত মাসে এক বোন সাক্ষাত করতে সক্ষম হন, তিনি পরে অভিযোগ করেন, ইমরানকে একাকী কারাগারে রাখার মাধ্যমে মানসিক নির্যাতন করা হচ্ছে।

Related Articles