আন্তর্জাতিক

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ

জেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছেন, ইমরান খানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

Truth Of Bengal: দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন সাম্প্রতিককালে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। কিছু সূত্র এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা জেলেই ইমরানের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

জেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছেন, ইমরান খানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। যে সংবাদ অনুযায়ী তাঁকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তা মিথ্যা। জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং তিনি বর্তমানে জেলেই আছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও একই দাবি করেছেন। তাঁর কথায়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে এমন খাবার দেওয়া হচ্ছে যা পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না। জেলেই তিনি নিজের পছন্দের টিভি দেখতে পারেন এবং শীতে ব্যবহারের জন্য চওড়া খাট ও পশমের কম্বলের ব্যবস্থা করা হয়েছে।

তবে ইমরানের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগও ওঠেছে। তাঁর বোন এবং ছেলেরা বলেছেন, ২০২২ সালের অনাস্থা ভোটের পর ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর নির্জন কারাগারে অমানবিক পরিস্থিতি আরোপ করা হয়েছে। ফলে দেশের জনগণের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

এ ঘটনা আবারও পাকিস্তানের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ককে তীব্র করেছে। সরকারের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষের বিবৃতিতে ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হলেও, রাজনৈতিক সমর্থকদের মধ্যে এখনও প্রশ্ন জাগছে—সত্যিটা কী?

Related Articles