গাভাসকর আশাবাদী: কোহলি ৩ বছরের মধ্যে শচীনের ১০০ সেঞ্চুরি স্পর্শ করতে পারবেন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও যদি দু’টা সেঞ্চুরি করে, তাহলে ৮৬–৮৭-র কাছাকাছি পৌঁছে যাবে।
Truth Of Bengal: গত কয়েকটি ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শেষ চারটি এক দিনের ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরির সংখ্যা এখন ৮৪। শুধু ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরির নিরিখে তিনি ইতিমধ্যেই শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে গেলেও, সব ফরম্যাট মিলিয়ে শচীনের ১০০ সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড এখনও অক্ষত। আর তাতেই প্রশ্ন উঠছে শচীনের এই রেকর্ড ভাঙা কি কোহলির পক্ষে সম্ভব? আর তা নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর।
তিনি বলেন, কেন পারবে না? কোহলি যদি আরও তিন বছর খেলে, তাহলে ১৬টা সেঞ্চুরি করা অসম্ভব নয়। ও তিন ম্যাচে দু’টা সেঞ্চুরি করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও যদি দু’টা সেঞ্চুরি করে, তাহলে ৮৬–৮৭-র কাছাকাছি পৌঁছে যাবে। তখন ১০০ সেঞ্চুরিতে পৌঁছনোর সম্ভাবনা আরও বাড়বে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ৩০২ রান করে দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি। তাঁর ব্যাটিংকে ‘আনন্দময়’ বলে উল্লেখ করে গাভাসকর বলেন, ‘কোহলি দারুণভাবে ব্যাট করছিল। দেখে মনে হচ্ছিল, ও ব্যাটিংটা উপভোগ করছে। ওয়ানডেতে এরকম টি-টোয়েন্টির মতো আগ্রাসী কোহলিকে আমরা সচরাচর দেখিনি। ‘ বিশ্বকাপের আগে ভারতের সামনে ৩০টিরও বেশি ওয়ানডে ম্যাচ রয়েছে। এই সুযোগে কোহলি কি পারবেন শচীনের ১০০ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছতে? গাভাসকরের মতে, কাজটা কঠিন হলেও ‘অসম্ভব’ নয়। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার হিসেবেও ইতিমধ্যেই কোহলিকে স্বীকৃতি দিয়েছেন গাভাসকর।






