জেমাইমাকে বিশেষ গিটার উপহার গাভাসকারের, একসঙ্গে গাইলেন গান
মহিলাদের বিশ্বকাপ জয়ের পর জেমাইমার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গাভাসকর।
Truth Of Bengal: কথা দিয়েছিলেন সুনীল গাভাসকর। আর সেই কথা রাখলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পর জেমাইমা রডরিগেজের সঙ্গে একসঙ্গে গান গাইলেন তিনি। সঙ্গে ছিল চমক—ব্যাটের মতো দেখতে এক বিশেষ গিটার। আর সেই গিটার হাতে নিয়ে ‘শোলে’ ছবির কালজয়ী গান ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’ গেয়ে দুই প্রজন্মের ‘দোস্তি’তে মুগ্ধ করলেন নেটদুনিয়াকে।
মহিলাদের বিশ্বকাপ জয়ের পর জেমাইমার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গাভাসকর। তবে শর্ত একটাই—জেমাইমা রাজি থাকলে তবেই। বিশ্বজয়ের পর অনেক আগেই সোশাল মিডিয়ায় নিজের সম্মতির কথা জানিয়ে দিয়েছিলেন জেমাইমা। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা ছিল, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে শুক্রবার উপস্থিত হল সেই বহু প্রতীক্ষিত দৃশ্য।
এদিন জেমাইমাকে বিশেষ উপহার দেন ‘সানি’। দেখতে ব্যাটের মতো হলেও আদতে সেটি একটি গিটার। উপহার হাতে পেয়ে রীতিমতো খুশিতে আটখানা জেমাইমা। মজার ছলে তিনি প্রশ্নও করেন—এটা দিয়ে ব্যাট করা যাবে, না গান গাওয়া যাবে? উত্তরে গাভাসকর হেসে বলেন, দুটোই করা যাবে। তারপরই জুটিতে গান ধরেন তাঁরা। অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর লিপে, কিশোর কুমার ও মান্না দে’র কণ্ঠে জনপ্রিয় হওয়া সেই গান নতুন করে প্রাণ পায় এই দুই প্রজন্মের কণ্ঠে।
এর আগেও একবার মঞ্চ কাঁপিয়েছিলেন সানি-জেমি জুটি। বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে গেয়েছিলেন ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’। সেই ‘ওয়াদা’ রেখেই ফের একবার দর্শকদের মন জিতে নিলেন তাঁরা। দুই প্রজন্মের গানের ‘দোস্তি’তে মুগ্ধ নেটদুনিয়া। অন্যদিকে রবিবারই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি রবিবার ভদোদরায়।






