রাজ্যের খবর

মানসিক চাপ কমাতে নজিরবিহীন পদক্ষেপ, আইআইটি খড়গপুরে চালু ‘রিচার্জ জোন’

উল্টো দিকে সমাজ ও পরিবারের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে সফল কেরিয়ার গড়ার চাপ। এহেন তীব্র মানসিক চাপের জেরেই মানসিক যন্ত্রণার শুরু৷

Truth Of Bengal: ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে আজ নাভিশ্বাস উঠে যাচ্ছে মেধাবী পড়ুয়াদের। একদিকে আইআইটি খড়গপুরের মতো নামি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যধিক পড়াশুনোর চাপ। উল্টো দিকে সমাজ ও পরিবারের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে সফল কেরিয়ার গড়ার চাপ। এহেন তীব্র মানসিক চাপের জেরেই মানসিক যন্ত্রণার শুরু৷

পড়াশোনার পাশাপাশি প্লেসমেন্টের কারণে পড়ুয়াদের মনে অতিরিক্ত চাপ তৈরি হয়। পাশাপাশি, আশানুরূপ চাকরি না পাওয়ার ফলেও পড়ুয়ারা হতাশাগ্রস্থ হন ৷ সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতেই বিশেষ অভিনব উদ্যোগ নিল আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অতীতে একাধিক পড়ুয়ার আত্মহননের ঘটনার সাক্ষী থেকেছে এই রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুর ৷ এবার সেই রকমের দুর্ভাগ্যজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আইআইটি খড়গপুর ক্যাম্পাসে রিচার্জ জোন তৈরি করা হয়েছে ৷

রিচার্জ জোনে পড়ুয়ারা মানসিক চাপ কমাতে পারবেন৷ এখানে মূলত পড়ুয়ারা বিশ্রাম করতে পারবেন৷ পাশাপাশি এমন কিছু কাজকর্ম করতে পারবেন যার মাধ্যমে মানসিক চাপ কমবে। তারমধ্যে বেশ কিছু গেম রয়েছে, পড়াশোনার উপাদান রয়েছে এবং গানও শোনা যাবে ৷শুধু মানসিক শান্তি নয়, শরীর সুস্থ রাখতেও একাধিক পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী জানান, ২৪ ঘণ্টা ওই রিচার্জ জোন খোলা থাকবে৷ পড়ুয়ারা যখন ইচ্ছা সেখানে গিয়ে মানসিক চাপ কমাতে পারবেন৷ মানসিক চাপ মুক্তির জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে৷ রিচার্জ জোনে রয়েছে মেডিটেশন সেন্টার এবং দেশ বিদেশের বিভিন্ন জার্নাল পড়ার সুযোগ ৷ পাশাপাশি সফট মিউজিক কর্নার, স্ট্রেস রিলিফ গেমস এবং ফিটনেস টুল এরিয়া রাখা হয়েছে। আশা করা যায়, পড়ুয়ারা যদি কয়েক মিনিট রিচার্জ জোনে কাটায় তাহলেই তাঁরা অনেকটাই চাপমুক্ত হতে পারবেন।’

তবে এবারই প্রথম নয়, এর আগেও পড়ুয়াদের মানসিক উদ্বেগ কমাতে আইআইটি খড়গপুরে একাধিক ক্যাম্প ও কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষর নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পড়ুয়ারা ৷ তাঁদের মতে, প্রতিযোগিতামূলক সময় কিছুটা চাপমুক্ত হতে সাহায্য করবে রিচার্জ জোন ৷

Related Articles