উড়ান বাতিলের সুযোগে ভাড়া আকাশছোঁয়া, তৎপর কেন্দ্র
সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যাত্রীরা বাড়ি থেকে বের হওয়ার আগে তাদের বুকিং এবং উড়ানের স্ট্যাটাস পরীক্ষা করে নিক।
Truth Of Bengal: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা একাধিক দিনের জন্য স্থবির থাকার পরেও শনিবার পর্যন্ত কার্যত স্বাভাবিক হতে পারেনি। এর আগে পরপর উড়ান বাতিলের ঘটনায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং অনেকেই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে। সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যাত্রীরা বাড়ি থেকে বের হওয়ার আগে তাদের বুকিং এবং উড়ানের স্ট্যাটাস পরীক্ষা করে নিক। পাশাপাশি, ইন্ডিগোর সিইও পিটার এলবার্স ভিডিওবার্তায় ক্ষমা চেয়ে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থা কোমর বেঁধে কাজ করছে।
অন্যদিকে, এই সংকটের সুযোগ নিয়ে অন্যান্য বিমান সংস্থার ভাড়া আকাশছোঁয়া হয়েছে। দিল্লি-মুম্বাই রুটে ভাড়া পৌঁছেছে প্রায় ৬৫ হাজার টাকা, আর কলকাতা-মুম্বাই রুটে প্রায় ৯০ হাজার টাকা। এমন পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দ্রুত হস্তক্ষেপ করেছে। কেন্দ্র সমস্ত বিমান সংস্থাকে নতুন নির্ধারিত ভাড়ার সীমা মেনে চলার নির্দেশ দিয়েছে। মন্ত্রক সতর্ক করেছে, সুযোগ বুঝে ভাড়া বাড়ানো হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় বিমানমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগোর বিমান সমস্যার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে, এবং যেখানে যেখানে ভুল হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, পরিষেবা স্বাভাবিক করা এবং যাত্রী সহায়তা নিশ্চিত করাই সংস্থার অগ্রাধিকার। মন্ত্রক নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নিয়মগুলোও খতিয়ে দেখছে।
এভাবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি কেন্দ্র এবং ইন্ডিগো উভয়ই যাত্রীদের স্বার্থে পদক্ষেপ নিচ্ছে, যাতে আর এমন বড়ো সংকটের মুখোমুখি হতে না হয়।


