রাজ্যের খবর

Nalhati: ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে মাদক পাচার! নলহাটিতে গোপন চেম্বারে মিলল ২৯ কেজি গাঁজা

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে নলহাটি থানার পুলিশ গোপালপুর রাস্তায় নাকা চেকিং চালায়।

সৌতিক চক্রবর্তী: বীরভূমে নলহাটিতে বিপুল চাঞ্চল্য। ডাক্তারের শিম্বলের স্টিকার লাগানো চারচাকা গাড়ি, আর সেই গাড়ির চ্যাসিসের নিচে অভিনব কায়দায় বানানো লুকোনো চেম্বার। সেই গোপন অংশেই লুকিয়ে পাচার করা হচ্ছিল প্রচুর পরিমাণ গাঁজা। কিন্তু রক্ষা পেল না পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে নলহাটি থানার পুলিশ গোপালপুর রাস্তায় নাকা চেকিং চালায়। ঠিক সেই সময় মুর্শিদাবাদ থেকে আসা সন্দেহজনক চারচাকা গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু হয়। তল্লাশিতেই প্রকাশ্যে আসে চমক—গাড়ির চ্যাসিসের নিচে তৈরি চেম্বার থেকে উদ্ধার হয় প্রায় ২৯ কেজি গাঁজা। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের নাম—শরিফুল ইসলাম, আরশাদ আলী, মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম। এদের মধ্যে মুস্তাফিজুর ও হামিদুলের বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে, আর অপর দুই ধৃত কোচবিহারের বাসিন্দা। তদন্তকারীদের মতে এই গাড়িটি বহুদিন ধরেই ডাক্তারের গাড়ি সেজে বিভিন্ন জেলায় যাতায়াত করত এবং বৃহৎ আন্তরাজ্য চক্রের অংশ হতে পারে। একইসঙ্গে অনুমান করা হচ্ছে—গাঁজার পাশাপাশি আরও অন্যান্য মাদক পদার্থ পাচারের সঙ্গেও যুক্ত থাকতে পারে ধৃতরা।

ধৃতদের সোমবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদের হেফাজতে নিয়ে জেরা করে আন্তরাজ্য মাদক চক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা চালাবে নলহাটি থানার পুলিশ। তদন্তে আরও একাধিক মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles