দেশ

দিল্লি বিস্ফোরণ: কাশ্মীরে উমরের বাড়ি ভেঙে দিল নিরাপত্তা বাহিনী, দেখুন ভিডিয়ো

সোমবার সন্ধ্যার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন।

Truth Of Bengal: কাশ্মীরে উমর মহম্মদ ওরফে উমর উন-নবির বাড়ি ভেঙে দিল নিরাপত্তা বাহিনী। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় উল্লেখযোগ্য অভিযুক্ত। শুক্রবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ওই চিকিৎসকের বাড়ি ভেঙে ফেলার কাজ তদারকি করে নিরাপত্তা বাহিনী। সেই বাড়ি ভাঙার ভিডিয়োও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার সন্ধ্যার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন। তদন্তে জানা যায়, ফারিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমরই লালকেল্লার কাছে নেতাজি সুভাষ মার্গের সিগন্যালের কাছে বিস্ফোরিত হুন্ডাই i২০ গাড়িটি চালাচ্ছিলেন। বিস্ফোরণস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে তাঁর মায়ের নমুনা মিলিয়ে উমরের উপস্থিতি নিশ্চিত করা হয়।

কাশ্মীরে তাঁর বাড়ি ভেঙে দেওয়ার লক্ষ্য হল- ভারতের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত বা সমর্থন করে, তাদের উদ্দেশে কঠোর বার্তা দেওয়া। এর আগে পাহালগাম সন্ত্রাসবাদী হামলার চক্রান্তে যুক্তদের বিরুদ্ধেও ভাঙচুরের ব্যবস্থা করা হয়েছিল।

দিল্লির বিস্ফোরণের পর তদন্তকারীরা প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপাদান এবং অত্যাধুনিক অস্ত্র- যেমন অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেন। উমরের সহকারী ডাক্তার মুজাম্মিল ও শাহিন সাঈদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। তারা দু’জনেই এখন হেফাজতে আছেন, ফারিদাবাদে এত বিপুল পরিমাণ বিস্ফোরকের মজুতের রহস্য জানতে তাদের জেরা করা হচ্ছে।

তদন্তকারীদের সন্দেহ, জইশ-ই-মহম্মদ এবং আনসার গজওয়াত উল-হিন্দের সঙ্গে যুক্ত এই মডিউল আরও বড়সড় হামলার পরিকল্পনা করেছিল। আর সহযোগীদের গ্রেফতারের পর আতঙ্কে উমর দ্রুত গাড়িটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়।

Related Articles