দেশ

“৩-৪ মাস আগে মুক্তি দিলে হরিয়ানায় AAP সরকার গঠন করত”, অরবিন্দ কেজরিওয়াল

"If released 3-4 months ago, AAP would have formed government in Haryana" by Arvind Kejriwal

Truth Of Bengal: শনিবার  আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানার কালায়তে একটি সমাবেশ থেকে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, “যদি আমাকে ৩-৪ মাস আগে জেল থেকে মুক্তি দিত তবে আমরা হরিয়ানায় সরকার গঠন করতাম। ১০ দিন আগেই আমাকে ছেড়েছে, কিন্তু তারপরও যেখানেই যাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি।”

আম আদমি পার্টির নেতার দাবি, “আমাদের দল এত বেশি আসন পাচ্ছে যে আমাদের ছাড়া হরিয়ানায় সরকার গঠন হবে না, তাই যে সরকারই তৈরি হোক না কেন তাতে আম আদমি পার্টির সমর্থন থাকবে এবং যে পাঁচটি গ্যারান্টি আমি দিয়েছি সেই সরকার পূরণ করবে এটা আমার দায়িত্ব।”

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আমাকে দেখে মানুষের মুখে হাসি ফোঁটে আর অন্য নেতাদের দেখে মুখ ঘুরিয়ে নেয়। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর, অরবিন্দ কেজরিওয়ালকে হরিয়ানা নির্বাচনে তার যথাসাধ্য চেষ্টা করতে দেখা যাচ্ছে এবং প্রার্থীদের সমর্থনে সমাবেশও করছেন।

AAP নেতা অরবিন্দ কেজরিওয়াল মদ কেলেঙ্কারির মামলায় জেলে ছিলেন, যার পরে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে স্বস্তি দেয় এবং ১৩ সেপ্টেম্বর কেজরিওয়াল পাঁচ মাস পর জেল থেকে মুক্তি পায়। জেল থেকে মুক্তি পাওয়ার পর, কেজরিওয়াল ১৫ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং ১৭ সেপ্টেম্বর দিল্লির এলজির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

হরিয়ানার কালায়তে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, দিল্লি ও পাঞ্জাবে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায়, হরিয়ানায় কি বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায়? না না। বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার অলৌকিক কাজ একমাত্র কেজরিওয়ালই করতে পারেন। বিজেপিকে লক্ষ্য করে কেজরিওয়াল বলেন, তারা (বিজেপি) আমাকে মিথ্যা মামলায় জেলে পুরেছে, অত্যাচার করেছে, ওষুধ ও ইনজেকশন বন্ধ করেছে। তাদের উদ্দেশ্য ছিল আমার মনোবল ভাঙা।

কেজরিওয়াল জনসাধারণকে পাঁচটি গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ, মহল্লা ক্লিনিক, সরকারি স্কুলের উন্নতি এবং সরকারি হাসপাতালের উন্নতি। মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কেজরিওয়াল।

 

Related Articles