শহরাঞ্চলে ৩০ শতাংশ SIR ফর্ম ফেরত? কেন এই সম্ভাবনা?
বিশেষ করে বহুতল আবাসনের ভোটারদের ক্ষেত্রেই সমস্যা বেশি।
জয় চক্রবর্তী: কলকাতাসহ রাজ্যের শহরাঞ্চলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড়সড় জটিলতার আশঙ্কা। সূত্রের খবর, প্রায় ৩০ শতাংশ ভোটারের এনুমারেশন ফর্ম সংশ্লিষ্ট ইআরও-দের কাছে ফেরত যেতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন দফতর।
বিশেষ করে বহুতল আবাসনের ভোটারদের ক্ষেত্রেই সমস্যা বেশি। ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় একাধিকবার গিয়েও হদিশ না পেয়ে ফর্ম ফেরত দিতে বাধ্য হচ্ছেন বিএলও-রা। কলকাতা ছাড়াও আসানসোল, খড়্গপুর, দক্ষিণ ২৪ পরগনার শহরাঞ্চল এবং বেশ কিছু বস্তি এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে।
সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, অনেক বস্তি এখন বহুতল বা বড় শপিং মলে রূপান্তরিত হয়েছে। ফলে আগের বাসিন্দাদের খোঁজ পাচ্ছেন না বিএলও-রা। নিয়ম অনুযায়ী, কোনও ভোটারের খোঁজ তিনবার না পেলে বিএলও অ্যাপে ‘আনকালেকটেবল’ বাটন প্রেস করতে হয়। এতে কমিশনের রেকর্ডে ফর্ম ডিস্ট্রিবিউটেড দেখালেও ভোটার বাস্তবে ফর্ম পান না। ফলে এই ভোটারদের নাম ৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় থাকবে না, যেহেতু তারা গণনাপত্র জমা দিতে পারেননি।
খসড়া তালিকার পাশাপাশি প্রকাশিত হবে আরও একটি তালিকা, যেখানে স্পষ্ট করে জানানো হবে কারা বাদ পড়লেন এবং কেন।তবে বাদ পড়া বা সংশোধন প্রয়োজন এমন ভোটারদের জন্য ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সময় থাকবে। ওই সময়ের মধ্যে ফর্ম ৬ পূরণ করে তাঁরা নাম তালিকায় যুক্ত করতে পারবেন, নামের বানান বা ঠিকানা সংশোধন করতে পারবেন, এমনকি নতুন ছবি ব্যবহার করতেও পারবেন।






