Truth Of Bengal: সদ্য জাতীয় দলের হয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা একদিনের বিশ্বকাপ জয় করেছে ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন বঙ্গ তনয়া রিচা ঘোষ। তারপরই রিচাকে ক্রিকেটের নন্দন কাননে জমকালো সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছিল বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই মতোই শনিবার রিচাকে জমকালো সংর্বধনা দেওয়া হল।
ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যান। শেষ কবে আন্তর্জাতিক স্তের এক বঙ্গ ক্রিকেটারের এইরকম সংবর্ধনা অনুষ্ঠানের সাক্ষী থেকেছে বলে মনে হয় না। যা শনিবার অনুষ্ঠিত হল। শনিবার সকালেই শিলিগুড়ি থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছন রিচা। তারপর বিকেলে সরাসরি ইডেনে। বাইরে তখন উপস্থিত ক্রিকেটপ্রেমীরা। রিচা, রিচা স্লোগানে তখন জমে উঠেছে গোটা ইডেন চত্ত্বর।
এরপর ক্রিকেটের নন্দনকাননে প্রবেশ করে ধীরে ধীরে সু-সজ্জিত মঞ্চে প্রবেশ করলেন সদ্য বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। মঞ্চে তখন চাঁদের হাট। উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ সিএবির অন্যান্য কর্তারা।
সেই সংবর্ধনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী, সিএবি প্রেসিডেন্ট ও ঝুলন গোস্বামীরা বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে রিচার হাতে তুলে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকার চেক। না এখানেই শেষ নয়, শিলিগুড়ির বাসিন্দা রিচাকে উপহার হিসেবে দেওয়া হল সোনার ব্যাটও। সঙ্গে মিষ্টির হাঁড়ি, ফুল ও উত্তরীয়। রিচা যেন তখন নস্টালজিক। মঞ্চে উপস্থিত সকলেই যেন রিচাকে নিয়ে আনন্দে আত্মহারা। এটাই স্বাভাবিক। একজন বঙ্গ তনয়া হিসেবে এক অসাধ্যকে সাধন করেছেন রিচা। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে দেশের পতাকাকে উড্ডীন করে তুলে ধরতে হরমনপ্রীতদের বাহিনীতে তাঁর ভূমিকাও ছিল অনস্বীকার্য। কাজেই এমন মহীরুহ সংর্বধনা প্রাপ্যই ছিল সদ্য বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের।
সবেশেষে নানা ধরনের বাজি পুড়িয়ে বিশ্বকাপে রিচার জয়ের সেলিব্রেশনকে কুর্নিশ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। অর্থ্যাৎ এক কথায় বলা যেতেই পারে শীতের প্রাক মুহূর্তে শনিবারের বিকেলে ক্রিকেটের নন্দনকানন পুরোপুরিই হয়ে উঠেছিল রিচা ময়।
এছাড়া একই মঞ্চ থেকে সিএবির পক্ষ থেকে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্রিডম রেপ্লিকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলে, মুখ্যমন্ত্রী তা বিশ্বকাপজয়ী রিচার হাতে উপহার স্বরূপ তুলে দেন।






