রাজ্যের খবর

চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Truth Of Bengal: গ্যাস সিলিন্ডার ফেটে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু। চেন্নাইয়ে চেন্নাইয়ে মর্মান্তিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ের এক নির্মীয়মাণ ভবনের শ্রমিক আবাসনে ঘটে এই দুর্ঘটনা। মৃত দুই যুবকের নাম ইউসুফ শেখ (২৫) ও বাবু শেখ (২৬)। দু’জনের বাড়ি বীরভূম জেলার কীর্ণাহার থানার পাটনীল গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন রাতে কাজ শেষে ঘরে ফিরে নিজেদের জন্য চা তৈরি করছিলেন দুই শ্রমিক। সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয় দু’জনের।মাত্র এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে রাজমিস্ত্রির কাজে চেন্নাই গিয়েছিলেন ইউসুফ ও বাবু। দু’জনেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাটনীল গ্রামে। শোকে ভেঙে পড়েছেন পরিবার, স্তব্ধ গ্রামবাসীরা।

দুই যুবক বিবাহিত বাড়ি রয়েছে স্ত্রী, সন্তান। আর্থিকভাবে দুই শ্রমিকের পরিবার দুর্বল। দুই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পাহাড় ভেঙে পড়েছে পরিবারের মাথায়। কীভাবে সংসার চলবে শোকের আবহেও তা নিয়ে চিন্তায় সদস্যরা। এই ঘটনার খবর পাওয়ার পর শ্রমিকদের বাড়িতে যান তৃণমূল নেতা কাজল শেখ। ওই পরিবারগুলির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বলে স্থানীয় সূত্রে খবর।ঘটনার খবর পেয়ে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি গভীর শোকপ্রকাশ করে আশ্বাস দেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।জেলা সভাধিপতি একইসঙ্গে সমস্ত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, ‘ জেলার বাইরে কর্মরত প্রত্যেক পরিযায়ী শ্রমিক যেন রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেন, যাতে বিপদের সময় সরকার পাশে থাকতে পারে।‘ স্থানীয় প্রশাসনের তরফে মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।  ঘটনায় শোকের ছায়া এলাকায়।

 

 

Related Articles