রাজ্যের খবর

দেশকে দিয়েছেন বিশ্বকাপ, তবুও এসআইআর পরীক্ষায় ফেল রিচা

এই তালিকায় রয়েছে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা রিচা ঘোষের নামও।

Truth Of Bengal: শনিবার নির্বাচন কমিশনের সিইও দফতর ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তবে এর মধ্যেই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘অ্যাডজুডিকেটেড’ হিসাবে আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ, তাঁদের নথি এখনও বিচারাধীন এবং ভোটার তালিকায় নাম চূড়ান্ত হয়নি।

এই তালিকায় রয়েছে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা রিচা ঘোষের নামও। সম্প্রতি বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা এই ক্রিকেটারের নামের পাশেই ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ সিল দেখা গেছে। এই বিষয়ে রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ ‘আরো খবর’-কে বলেছেন, ‘সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কী ভাবে বাদ গেল বুঝতে পারিছ না। পুরোটাই ধোঁয়াশা।’

সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার আওতায় বিচারিক আধিকারিকরা কিছু নথি খতিয়ে দেখছেন। যাচাই সম্পূর্ণ হলে তবেই সংশ্লিষ্ট নামগুলির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ততদিন পর্যন্ত এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত।

এ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত পরিকল্পনা ও সময়ের অভাবে বহু বৈধ নামও ঝুলে গিয়েছে। ফলে ৬০ লক্ষের বেশি মানুষের সঙ্গে অনিশ্চয়তায় পড়েছেন রিচা ঘোষের মতো পরিচিত মুখও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলছেন, এত কম সময় ও জনশক্তি দিয়ে ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়। আর বাস্তবে সেটাই দেখা গেল। শনিবার চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশে দেখা গিয়েছে, ৬০ লক্ষের বেশি মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। যাঁদের মধ্যে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের মতো পরিচিত নামও আছে।

Related Articles