বাম-কংগ্রেসকে বিজেপিতে ভোটের অনুরোধ শমীকের, পাল্টা সৃজনের
Truth Of Bengal: আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই। মসনদকে পাখিরচোখ করে এখন থেকেই সমস্ত শিবির প্রচার চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাম-কংগ্রেস থেকে শুরু করে অতিবামেদেরও আহ্বান জানিয়েছেন গেরুয়া শিবিরকে ভোট দেওয়ার। এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুরু হয় বাম নেতা সৃজন ভট্টাচার্যের। যদিও শুধু বিজেপিকে একা নয়, তৃণমূলকেও তিনি কটাক্ষ করেন।
আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে রাস্তায় স্যালাইন হাতে হাঁটছেন রোগী
সমাজমাধ্যমে বিজেপিকে ‘তৃণমূলের লক্ষ্মী’ তকমা দিয়ে সৃজন ভট্টাচার্য প্রশ্ন করেন, “কত বোকা বানাবেন আর?” তাঁর দাবি, “তৃণমূলের কাছে বিজেপি অনেক বেশি স্বস্তিদায়ক সিপিএমের চেয়ে। চুরি-ডাকাতি করে যাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি তাতে মাথা না দিয়ে হিন্দু-মুসলমান করে বেড়াবে।” সারদা থেকে শুরু করে চাকরি চুরি ও আরজি করের ঘটনা প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন যে মানুষ যা বোঝার বুঝে নিয়েছেন।” সৃজনের আরও বক্তব্য, “যদি সত্যিই পশ্চিমবঙ্গকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হয়, তাহলে আপনার লোকেদের বলুন আসন্ন বিধানসভা নির্বাচনে বুকে পাথর চেপে কাস্তে-হাতুড়িতে ভোট দিতে।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, “কিছুদিনের জন্য হলেও বুকে পাথর রেখে বিজেপিকে ভোট দিন। এবারের মতো আমার অনুরোধ বাম-কংগ্রেস ও অতি বামেদের কাছে।” এভাবে সরাসরি বিজেপি নেতার বামেদের কাছে ভোটের আহ্বান জানানো রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন তৈরি করেছে। অনেকে সেটিং রয়েছে বলে দাবি করেছেন। তবে শুধু সেটিং নয়, অনেকে আবার বিজেপিকে দুর্বলও বলেছেন এবং দাবি করেছেন যে সংগঠনের এতটাই বেহাল দশা যে শেষ পর্যন্ত গেরুয়া শিবিরকে বাম-কংগ্রেসের থেকে ভোটের অনুরোধ করতে হচ্ছে।






