আদিবাসী গৃহবধূকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
অভিযুক্ত যুবকের নাম মহেন্দ্র চৌধুরী। তিনি একজন স্থানীয় বিজেপি নেতা বলে দাবি নির্যাতিতার বাবার।
Truth Of Bengal: বিজেপি নেতার বিরুদ্ধে উঠল আদিবাসী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণ করে সেই ভিডিয়ো মোবাইলে তুলে রাখা হয় বলেও অভিযোগ। শামুকতলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙা এলাকায়।
অভিযুক্ত যুবকের নাম মহেন্দ্র চৌধুরী। তিনি একজন স্থানীয় বিজেপি নেতা বলে দাবি নির্যাতিতার বাবার। আহত যুবতীকে প্রথমে ভর্তি করা হয় যশোডাঙা ব্লক হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে। জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। তখন ঘরে একা ছিলেন যুবতী। শুধু তাই নয়, যুবতী চিৎকার করলে, তাঁকে মারধর পর্যন্ত করা হয়। আঘাতের চিহ্ন তাঁর বাম দিকের চোখে রয়েছে বলে জানা যাচ্ছে।
হাসপাতাল থেকে নিগৃহীতা যুবতী বলেন, “অভিযুক্তের কঠোর শাস্তি চাই আমি। অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি।” যুবতীর বাবা বলেন, “কিছুদিন আগে জমি বিক্রি করেছি মেয়ের বিয়ের জন্য, সেই জমি জোর করে মহেন্দ্র নিজের নামে লিখে নিতে চাইছিল।” তিনি বলেন, “আমাকে কিছু করতে না পেরে মেরেছে আমার মেয়েকে…।” যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা। তাঁর বক্তব্য, “থানা থেকে বলা হয় যে আমার ছেলে ওই যুবতীকে মারধর করেছে। আমি কিছুই জানিনা এর বেশি। একটা বিবাদ ছিল জমি নিয়ে। এর বেশি আমি জানিনা।”






