দেশ

বিষাক্ত ইনজেকশন ব্যবহার করে স্ত্রীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ

Truth Of Bengal: বিয়ের মাত্র চার মাসের মাথায় নৃশংস পরিণতি। স্ত্রীকে বিষাক্ত ইনজেকশন দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম এলাকায়।

অভিযুক্তের নাম অরুণ শর্মা (২৬), যিনি পেশায় রেডিয়োলজিস্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা অরুণ একটি হাসপাতালে কাজ করতেন। সেখানেই সহকর্মী নার্স কাজল (২৩)-এর সঙ্গে তাঁর পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৫ সালের নভেম্বরে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের পর থেকেই সম্পর্কের অবনতি শুরু হয় বলে অভিযোগ।

মৃতার পরিবারের দাবি, অরুণ মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত টাকা দাবি করতেন স্ত্রীর কাছে। সেই নিয়ে প্রায়ই অশান্তি ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটত। পণের দাবিও ছিল বলে অভিযোগ পরিবারের। পরিস্থিতি অসহ্য হয়ে উঠলে কাজল বাপের বাড়িতে চলে যান। কিন্তু সেখানেও পৌঁছে যান অরুণ।

অভিযোগ, সম্প্রতি ফের বচসার জেরে কাজলকে অচৈতন্য করার জন্য ইনজেকশন প্রয়োগ করেন অরুণ। পরে তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলের শৌচাগার থেকে একটি সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ।

তদন্তকারীদের দাবি, জেরার মুখে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্ত্রীকে খুনের উদ্দেশ্য নয়, বরং অচৈতন্য করে টাকা হাতানোর চেষ্টা ছিল। অতিরিক্ত ‘ডোজ’-এর জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। দেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং ভিসেরা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি পণের কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Related Articles