দেশ

Russian Oil Import: নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প পথ! ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) কী কৌশলে কিনছে রুশ তেল?

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্র অনুযায়ী, দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) 'ঘুরপথে' রুশ তেল কেনার বরাত দিয়েছে।

Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক রাশিয়ার বৃহত্তম দুই তেল শোধক সংস্থা রসনেফট এবং লিউকঅয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করার পরও ভারতের তেল আমদানি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্র অনুযায়ী, দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) ‘ঘুরপথে’ রুশ তেল কেনার বরাত দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই পাঁচটি জাহাজ এই রুশ তেল নিয়ে ভারতে পৌঁছাবে।

অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার পর থেকেই ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড, এইচপিসিএল মিত্তাল এনার্জি লিমিটেড, এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো অন্যান্য বড় তেল শোধনকারী সংস্থাগুলি রাশিয়া থেকে সরাসরি তেল কেনা বন্ধ রেখেছে। তবে আইওসির অর্থ বিভাগের প্রধান অনুজ জৈন স্পষ্ট জানিয়েছেন যে তাঁদের সংস্থা এমন সব প্রতিষ্ঠানের কাছ থেকে রুশ তেল কিনবে যাদের উপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। যদিও এই সংস্থাগুলির নাম তিনি প্রকাশ করেননি।

এদিকে, রুশ তেল আমদানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ভারত-মার্কিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দিনকয়েক আগে ট্রাম্প দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। কিন্তু বিদেশমন্ত্রকের তরফে ট্রাম্পের এই দাবি সাফ উড়িয়ে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ফোনকলের ভিত্তিতে এমন দাবি করেছেন, আদতে তেমন কোনো ফোনকল ঘটেইনি।

তবে মার্কিন প্রেসিডেন্ট তার দাবিতে অনড় রয়েছেন। গত শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আবারও বলেন, “আমরা ইতিমধ্যেই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইতিমধ্যেই চিন রাশিয়া থেকে তেল আমদানি অনেকাংশে কমিয়ে দিয়েছে। অন্যদিকে, ভারত পুরোপুরি তেল কেনা বন্ধ করে দেবে রাশিয়া থেকে।” ট্রাম্পের এই দাবি এবং ভারতের ‘ঘুরপথে’ তেল কেনার প্রচেষ্টা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

Related Articles