রাজ্যের খবর

এসআইআরের ভয়ে আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের এক প্রৌঢ়ের

বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর মেয়ের বাড়ি থেকে, যা অবস্থিত বীরভূমে।

Truth Of Bengal: এই মুহূর্তে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। আত্মহত্যার চেষ্টা করেছেন দিনহাটার এক বৃদ্ধ, যা পরিস্থিতি আরও স্পর্শকাতর করে তুলেছে। সেই রেশ কাটতে না কাটলেই ঘটলো আরও এক ঘটনা। এসআইআরের ভয়ে আত্মহত্যা করলেন আরও একজন।

জানা গিয়েছে, সেই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তাঁর নাম ক্ষীতিশ মজুমদার। বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর মেয়ের বাড়ি থেকে, যা অবস্থিত বীরভূমে। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই জানার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন এবং এই কারণেই তিনি নিজের প্রাণ নিয়ে নিলেন বলে অভিযোগ পরিবারের।

তাঁদের বক্তব্য, “তাঁর প্রাণ কেড়ে নিয়েছে এসআইআর আতঙ্কই। সম্প্রতি তিনি লাগাতার বলতেন তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকাই নেই, তাহলে কি আবার ফিরে যেতে হবে বাংলাদেশে? এই আতঙ্কই মানসিকভাবে বেশ কাবু করে দেয় তাঁকে।” প্রসঙ্গত, এই আতঙ্কে কোচবিহার জেলার দিনহাটার এক বৃদ্ধ আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন হাসপাতালে।

উল্লেখ্য, এসআইআর নিয়ে নিজেদের অবস্থান প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে এক লক্ষ লোক নিয়ে আন্দোলন করা হবে দিল্লিতে। যদিও বিজেপির বক্তব্য, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার জন্যই এসআইআর করা হচ্ছে।

Related Articles