বিনোদন

“বিগ বস”-এ সলমন খানের পারিশ্রমিক নিয়ে তোলপাড় টেলিভিশন দুনিয়া!

আর সেই তারকা যদি হন বলিউডের ‘ভাইজান’ সলমন খান, তবে কৌতূহল আরও বেড়ে যায়।

Truth Of Bengal: কোনও সিনেমা বা টেলিভিশন শো-তে একজন তারকা ঠিক কত পারিশ্রমিক পান, তা জানার আগ্রহ সাধারণ মানুষের মধ্যে সবসময়ই থাকে। আর সেই তারকা যদি হন বলিউডের ‘ভাইজান’ সলমন খান, তবে কৌতূহল আরও বেড়ে যায়। এই মুহূর্তে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনায় ব্যস্ত তিনি। গত এক দশকেরও বেশি সময় ধরে এই শো-এর মুখ হয়ে উঠেছেন সলমন।

নতুন সিজন শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন চলছিল— এবারে সলমন খানের পারিশ্রমিক কত হতে চলেছে? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সলমনের পারিশ্রমিকের বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না, কারণ এটি সলমন ও জিও হটস্টারের মধ্যে হওয়া একটি গোপন চুক্তির অংশ।

তবে ঋষি এড়িয়ে যাননি ভাইজানের বিশাল অঙ্কের পারিশ্রমিকের প্রসঙ্গ। তাঁর কথায়, “সলমন যে পরিমাণ পারিশ্রমিক পান, তা পাওয়ার পুরোপুরি যোগ্যতা ওঁর আছে। ‘বিগ বস’-এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ তিনিই।”

প্রযোজকের মতে, যে কোনও টিভি শোয়ের সাফল্য অনেকটাই নির্ভর করে সঞ্চালকের উপস্থিতি ও আকর্ষণের উপর। আর সলমনের উপস্থিতি ‘বিগ বস’-কে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রতিবার নতুন সিজন শুরু হওয়ার আগে দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘোরে— “সলমন কি এবারও থাকছেন সঞ্চালকের ভূমিকায়?”

সিজন ১৯ নিয়েও সেই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের স্বমহিমায় ফিরেছেন সলমন খান। জানা গিয়েছে, সঞ্চালনার পাশাপাশি তিনি বর্তমানে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিংয়েও ব্যস্ত রয়েছেন।

Related Articles