অসমে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! প্রায় তিন ফুট অংশ ক্ষতিগ্রস্ত
প্রায় পাঁচ কিলোমিটার দূরে অজ্ঞাত দুষ্কৃতীরা একটি আইইডি বিস্ফোরণ ঘটায়।
Truth Of Bengal: কোকরাঝাড় জেলায় রেললাইনে বিস্ফোরণ! এই ঘটনার জেরে বৃহস্পতিবার ভোরে নিম্ন অসম ও উত্তরবঙ্গের কিছু অংশে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের পর কোকরাঝাড় স্টেশন থেকে সালাকাটির দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অজ্ঞাত দুষ্কৃতীরা একটি আইইডি বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে রেললাইনের প্রায় তিন ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও ট্রেন লাইনচ্যুত বা হতাহতের ঘটনা ঘটেনি বলে কোকরাঝাড়ের এসএসপি পুষ্পরাজ সিং জানান। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক বলে তিনি জানিয়েছেন।
ঘটনার পর রাতভর ট্রেন চলাচল স্থগিত রাখা হয়, ফলে নিম্ন অসম ও উত্তরবঙ্গগামী একাধিক আপ ও ডাউন ট্রেন সকাল প্রায় ৮টা পর্যন্ত প্রভাবিত হয়। পূর্ণ পরিষেবা চালু করার আগে রেলওয়ে ও নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত ট্র্যাক পরীক্ষা করে। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে।






