Pankaj Dheer: মহাভারতের সেই ‘কর্ণ’ আর নেই! ৬৮ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর
বি আর চোপড়ার মেগা সিরিয়াল ‘মহাভারত’-এ কর্ণের চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর সারা দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
Truth of Bengal: জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। গত ১৫ সেপ্টেম্বর, ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড এবং টেলিভিশন জগতে। অভিনেতার পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল এই খবরটি নিশ্চিত করেছেন (Pankaj Dheer)।
বি আর চোপড়ার মেগা সিরিয়াল ‘মহাভারত’-এ কর্ণের চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর সারা দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। চরিত্রটি এখনও পর্যন্ত দর্শক মনে গেঁথে আছে। তবে শুধু কর্ণ চরিত্র নয়, প্রায় ৫৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে তিনি অজস্র হিন্দি ছবি, ধারাবাহিক এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, এবং ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’। এমনকী, ২০২৪ সালেও তাঁকে ‘ধ্রুব তারা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। অভিনয় ছাড়াও তিনি দুটি ছবি পরিচালনাও করেছিলেন (Pankaj Dheer)।
সূত্রের খবর, অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। যদিও একসময় তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল, কিন্তু মাস কয়েক আগে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থতার কারণে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। পঙ্কজ ধীরের মৃত্যুতে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন’ (CINTAA)-এর তরফেও শোক প্রকাশ করে গভীর সমবেদনা জানানো হয়েছে। অভিনেতার শেষকৃত্য বুধবার বিকেল সাড়ে ৪টেয় মুম্বইয়ে সম্পন্ন হবে (Pankaj Dheer)।






