দেশ

৬ বছরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ না করা নিয়ে সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কোর্টের তরফ থেকে সিবিআইকে প্রশ্ন করা হয় যে কেন রাজীব কুমারকে ৬ বছর ধরে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি।

Truth Of Bengal: সারদা মামলায় হাই কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার ছিল শুনানি। তবে এদিন শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো তাদের। কোর্টের তরফ থেকে সিবিআইকে প্রশ্ন করা হয় যে কেন রাজীব কুমারকে ৬ বছর ধরে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি।

এদিন মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। সিবিআইয়ের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বক্তব্য, “আগাম জামিন ৬ বছর আগে দেওয়া হয়েছিল। তা রদ করা হয়নি। কীভাবে আমরা বাতিল করব ৬ বছর পরে আগাম জামিন? এর মধ্যে আপনারা জিজ্ঞাসাবাদও করেননি ওনাকে।” যদিও প্রধান বিচারপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে আগাম জামিনের পাশাপাশি আদালত অবমাননার মামলাও রয়েছে।

তুষার মেহতা বলেন, “শুধু আগাম জামিনের মামলা নয়, রয়েছে আদালত অবমাননার মামলাও। শুনানি করা হোক একসঙ্গে দুটি মামলার। একে অপরের সঙ্গে যুক্ত মামলা দুটি।” এই যুক্তির পরিপ্রেক্ষিতে রাজিব কুমারের আইনজীবী জানান, “রাজিব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ৬ বছরে। সম্মানহানি করার ও হেনস্থার জন্য এই মামলা করা হয়েছে।” প্রধান বিচারপতি বলেন, “মামলাটি ৬ বছর ধরে পড়ে রয়েছে। এই সময়ে আপনারা কোনও পদক্ষেপ নেননি। অবাক করার মতো বিষয়টি।” যদিও পাল্টা তুষার মেহতা দাবি করেন যে রাজ্য পুলিশের ডিজিকে ৩ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মামলার সম্পূর্ণ শুনানি হবে শুক্রবার।