Gill Captaincy: রোহিতকে সরিয়ে শুভমানকে নেতৃত্ব! সমালোচনার মাঝেই মুখ খুললেন শামি, ‘এতে আপত্তির কিছু নেই’
এবার এই বিতর্কে মুখ খুললেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বোর্ডের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে শুভমান গিলের পাশে দাঁড়ালেন তিনি।
Truth of Bengal: অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে বড়সড় চমক। দলে থাকলেও অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তরুণ শুভমান গিল। নির্বাচকদের এই সিদ্ধান্তে যেমন বিস্মিত ক্রিকেটপ্রেমীরা, তেমনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা ও ট্রোল। এবার এই বিতর্কে মুখ খুললেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বোর্ডের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে শুভমান গিলের পাশে দাঁড়ালেন তিনি।নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা চলছে, মিম তৈরি হচ্ছে। কিন্তু আমার মনে হয়, এতে আপত্তি জানানোর কিছু নেই। এটা পুরোপুরি বিসিসিআই, নির্বাচক এবং কোচদের সিদ্ধান্ত। শুভমান ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দিয়েছে, আইপিএলে গুজরাট টাইটান্সেরও অধিনায়ক (Gill Captaincy)।
তাই ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কাউকে না কাউকে তো এই দায়িত্ব দিতেই হত। বোর্ড গিলকে বেছে নিয়েছে, তাই আমাদের সেটা মেনে নেওয়া উচিত। রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই ক্ষুব্ধ হলেও, ভারতীয় প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, এটি কোচ গৌতম গম্ভীরের পরামর্শে নেওয়া সিদ্ধান্ত। আগরকরের কথায়, তিনটি ফরম্যাটে তিন জন আলাদা অধিনায়ক রাখা দলের জন্য ভালো নয়। এতে কোচের কাজও কঠিন হয়ে পড়ে। তাই ওয়ানডে-র জন্য নতুন নেতৃত্বে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে শামি নিজে দলে জায়গা পাননি। তবু এই বিষয়েও তাঁর কোনও অভিযোগ নেই। বাংলার এই পেসার বলেন, অনেকে জানতে চায়, কেন আমাকে দলে নেওয়া হয়নি। কিন্তু এই বিষয়টা তো আমার হাতে নেই। এটা নির্বাচক, কোচ এবং অধিনায়কের কাজ (Gill Captaincy)।
আমি প্রস্তুত রয়েছি, নিয়মিত অনুশীলন করছি। দলীপ ট্রফিতে খেলেছি, সেখানে প্রায় ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই। চোট সারিয়ে এখন সম্পূর্ণ ফিট শামি। তিনি আরও বলেন, মাঠের বাইরে থাকলে নিজেকে অনুপ্রাণিত করতে হয়। তাই ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। সুযোগ এলে দলকে সেরাটা দেওয়ার জন্য তৈরি আমি।উল্লেখ্য, ১৯ অক্টোবর পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এরপর ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভাল ও ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে পরের দুটি ম্যাচ। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দূরে থাকা রোহিত ও কোহলিকে দেখার অপেক্ষায় ইতিমধ্যেই উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা (Gill Captaincy)।






