বিপর্যয় রুখতে শুভেন্দু সরকারের অ্যাকশন! কলকাতা ও সংলগ্ন এলাকায় ১ মাস বন্ধ জি+৫ বহুতল নির্মাণ
নির্মাণের নিরাপত্তা খতিয়ে দেখতে তৈরি অডিট কমিটি
Truth of Bengal: গার্ডেনরিচ এবং তারাতলার মতো পরপর নির্মাণ-বিপর্যয়ের পর এবার বেসরকারি বাণিজ্যিক বহুতল নির্মাণে কড়া নজরদারির পথে রাজ্য সরকার। কলকাতা-সহ একাধিক পুর এলাকায় নির্মীয়মাণ জি+৫ বহুতলের কাঠামো, নকশা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু হচ্ছে বিশেষ অডিট। সেই কারণেই আপাতত এক মাসের জন্য নির্দিষ্ট কয়েকটি এলাকায় বেসরকারি বাণিজ্যিক জি+৫ নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার পিডব্লুডি টেন্টে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ আপাতত বন্ধ থাকবে। নির্মীয়মাণ বহুতলগুলি কতটা নিরাপদ, অনুমোদিত নকশা মেনে কাজ হচ্ছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।
ইতিমধ্যেই ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। কোথাও বড়সড় অনিয়ম বা নকশাগত ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট বহুতলের অনুমোদন পুরোপুরি বাতিল করা হতে পারে। তবে ছোটখাটো ত্রুটি থাকলে নির্মাণ সংস্থাকে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। অডিটে পাশ করলেই আগামী ১ আগস্ট থেকে ফের নির্মাণকাজ শুরু করা যাবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নগরায়ণ থামানো রাজ্য সরকারের উদ্দেশ্য নয়। তবে মানুষের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নির্মাণকাজ নিয়ম মেনে ও নিরাপদভাবে হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তিনি আরও জানান, বসতবাড়ির সংস্কার বা সাধারণ আবাসিক মেরামতির কাজ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সাধারণ মানুষ এই এক মাসের মধ্যে নিজেদের বসতবাড়ির প্রয়োজনীয় কাজ করাতে পারবেন।
প্রথম পর্যায়ে অডিট কমিটি বহুতলের নকশা যথাযথ কি না, তা খতিয়ে দেখবে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে সরকারের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এরপর ধাপে ধাপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় পরীক্ষা করা হবে। পুরো অডিট প্রক্রিয়া শেষ করে আগামী ৯০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






