খেলা

ফুটবল ইতিহাসের প্রথম ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার, নেইমারকে বেনজির কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের

মাঠে না নেমেই কোটি কোটি টাকা! নেইমারকে নিয়ে এ কী মারাত্মক কটাক্ষ করলেন খোদ দেশের প্রেসিডেন্ট?

Truth of Bengal: চলতি বিশ্বকাপে পরপর দু’টো ম্যাচ জিতে নকআউটের টিকিট কার্যত পাকা করে ফেলেছে ব্রাজিল। কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি সেলেকাও ভক্তের মনে একটাই প্রশ্ন, দলের প্রধান কাণ্ডারি নেইমার জুনিয়র কোথায়? চোটের কবলে পড়ে প্রথম দুটি ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছে এই পোস্টার বয়কে। নেইমারের এই ‘অনুপস্থিতি’ নিয়ে যখন ফুটবল মহলে তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই নিজের দেশের সেরা তারকাকে নজিরবিহীন ভাষায় বিঁধলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, নেইমার হলেন বিশ্বের প্রথম ফুটবলার, যিনি ফুটবল মাঠে না নেমে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন!

সম্প্রতি দেশের জনস্বাস্থ্য পরিকাঠামোর এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট লুলা। সেখানেই আমজনতার সঙ্গে খোশগল্প করার সময় এক কিশোরকে তিনি জিজ্ঞেস করেন, বর্তমান ব্রাজিল স্কোয়াডের সেরা ফুটবলার কে? কিশোরটি অবলীলায় ‘নেইমার’ নাম নিতেই হেসে ফেলেন প্রেসিডেন্ট। রসিকতার সুরে তিনি বলেন, “নেইমার তো খেলছেই না বাবা! আসলে নেইমার হলো বিশ্বের প্রথম ফুটবলার যে কি না জাতীয় দলের হয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছে। ওকে এখন ‘ওয়ার্ক ফ্রম হোম প্লেয়ার’ বলাই ভাল।” এখানেই থামেননি লুলা। তিনি আরও যোগ করেন, সোশ্যাল মিডিয়ায় তিনি এমন মিমও দেখেছেন যেখানে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে ১১ জন ‘পেলে’ তৈরি করে ব্রাজিলের দল গড়া হোক!

আসলে প্রায় এক মাস আগে স্যান্টোসের হয়ে খেলার সময় কাফ মাসলে গুরুতর চোট পান নেইমার। চোটের গভীরতা এতটাই বেশি ছিল যে মরক্কোর বিরুদ্ধে ম্যাচে তাঁকে স্রেফ ডাগআউটে বসে থাকতে দেখা যায়। এমনকি ফিলাডেলফিয়ায় হাইতির বিরুদ্ধে যখন ব্রাজিল দল লড়ছিল, তখন নেইমার নিজের রিকভারির জন্য পড়েছিলেন নিউ জার্সিতে। দলের সঙ্গেও ভ্রমণ করেননি তিনি। মাঠে না নেমেও লাইমলাইটে থাকার এই অভ্যাসের কারণেই প্রেসিডেন্টের এমন কটাক্ষের শিকার হতে হলো তাঁকে।

অবশ্য অবশেষে এই ‘ওয়ার্ক ফ্রম হোম’ তকমা ঘোচানোর সুযোগ আসছে নেইমারের সামনে। আগামী ২৫ জুন, মায়ামি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-র শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর এই ম্যাচেই মাঠে ফিরতে পারেন স্যান্টোস তারকা। ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ কার্লো আন্সেলোত্তি জানিয়েছেন, “নেইমার সোমবার থেকে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করবে। স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।” নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়াস জুনিয়র একাই যেভাবে দলকে টেনে নিয়ে যাচ্ছেন, এবার নেইমার ফিরলে তাঁর ওপর থেকে চাপ অনেকটাই কমবে বলে মনে করছে ফুটবল দুনিয়া।

Related Articles