এশিয়া কাপ ট্রফি বিতর্কে নাকভিকে সমর্থন প্রাক্তন পাক ক্রিকেটারের
নাকভির প্রশংসা করার পর একই সঙ্গে ইউসুফ এরপরই নিশানা করেন ভারতীয় দলকে।
Truth Of Bengal: চলতি বছরের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপর চ্যাম্পিয়ন ট্রফি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করেনি টিম ইন্ডিয়া। এমনকি নিজের সিদ্ধান্তে অনড় থেকে নাকভিও ট্রফি তুলে দেননি সূর্য-হার্দিকদের হাতে। যা নিয়ে বিতর্ক কম দূর এগোয়নি। এবার সেই ইস্যুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ ইউসুফ।(Asia Cup)
সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পাশে দাঁড়িয়ে বলেন, ‘পিসিবি তথা পাকিস্তানের মন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নাকভি সাহেব ভারতের হাতে ট্রফি তুলে না দিয়ে একদম ঠিক কাজ করেছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে যে সমালোচনা করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। আমার মনে হয়, নাকভি সাহেবের সিদ্ধান্তে কোনও ভুল নেই। মাথায় রাখতে হবে নাকভি সাহেব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। কাজেই চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার অধিকার রয়েছে তাঁরই।’(Asia Cup)
নাকভির প্রশংসা করার পর একই সঙ্গে ইউসুফ এরপরই নিশানা করেন ভারতীয় দলকে। টিম ইন্ডিয়ার সমালোচনা করে ইউসুফ বলেন, ‘ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে খেতাব জয়ের ট্রফি গ্রহণ করল না। অথচ যখন ট্রফি নিল না, তারপর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণের জন্য দাবি জানাতে লাগল। এমনকি ট্রফি হাতে পাওয়ার জন্য এখন তাড়াও লাগাতে লাগল। আমার মাথায় আসছে না এখন এত তাড়া দিচ্ছে কেন? আসল কথা হল, ভারত এবারের এশিয়া কাপে খেলার থেকে নাটক করতেই বেশি ব্যস্ত ছিল। সূর্যদের মাথায় রাখা উচিত ছিল, ক্রিকেট মাঠ নাট্যমঞ্চের জায়গা নয়, এটা খেলার মাঠ। এখানে নাটক চলে না।’(Asia Cup)
এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আগামিকাল মহিলা বিশ্বকাপের মঞ্চে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। সেই ম্যাচের আগে এই ট্রফি বিতর্ক ফের একবার উসকে দিয়ে সংবাদের শিরোনামে থাকতে চাইলেন প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ।






