Delhi Accident: দিল্লির বুকে মর্মান্তিক দুর্ঘটনা, বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপসচিব
নভজ্যোত সিং অর্থমন্ত্রকের উপসচিব পদে কর্মরত ছিলেন। রবিবার রাতে স্ত্রীকে নিয়ে বাংলা সাহিব গুরুদ্বার থেকে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি।
Truth of Bengal: রাজধানীর বুকে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক। দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি নভজ্যোত সিং-এর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী সন্দীপ কৌর। নভজ্যোত সিং অর্থমন্ত্রকের উপসচিব পদে কর্মরত ছিলেন। রবিবার রাতে স্ত্রীকে নিয়ে বাংলা সাহিব গুরুদ্বার থেকে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে আসা একটি বিএমডব্লিউ গাড়ি তাঁদের ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান নভজ্যোত, আর তাঁর স্ত্রী সঙ্কটজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন (Delhi Accident)।
আরও পড়ুনঃ Civic Artist: দায়িত্ব ও শিল্পে সমানতালে চড়িদার মুখোশশিল্পী সিভিক ললিত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা, পাশের আসনে বসেছিলেন তাঁর স্বামী। দুর্ঘটনার পর আহত দম্পতিকে নিজেরাই একটি হাসপাতালে নিয়ে যান ওই গাড়ির আরোহীরা। তবে এখানেই উঠছে একাধিক প্রশ্ন। কারণ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে জিটিবি নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। যেখানে চিকিৎসকেরা নভজ্যোত সিং-কে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন। একই হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহীদেরও (Delhi Accident)।
নভজ্যোতের পুত্র জানিয়েছেন, এত দূরের হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তাঁর মতে, ঘটনাস্থলের আশপাশে একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও ১৭ কিমি দূরে নিয়ে যাওয়া অস্বাভাবিক ও সন্দেহজনক। তাঁর দাবি, যদি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হত, তাহলে হয়তো তাঁর বাবাকে বাঁচানো যেত। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ, তাঁর বহুবার জিজ্ঞাসা করার পরেও কে তাঁদের হাসপাতালে এনেছে সেই তথ্য গোপন রাখা হয়। এরপরই এই ঘটনাকে দুর্ঘটনার আড়ালে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন (Delhi Accident)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
নভজ্যোতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ভারতীয় দণ্ডবিধির ২৩৮এ, ২৮১, ১২৫বি ও ১০৫ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের নাম এখনও প্রকাশ্যে না এলেও, পুলিশের তরফে জানানো হয়েছে—ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।






