Skin Care Tips: রোদে ঘুরে শপিং করে হাতে ট্যান, ঘরোয়া উপাদানে চটজলদি সমাধান
এদিকে কেনাকাটা করতে গিয়ে সারাদিন রোদে ঘোরাঘুরি করে অনেকেরই হাতে ট্যান পড়ে যায়।
Truth of Bengal: দোরগোড়ায় হাজির বাঙালির শ্রেষ্ঠ কার্নিভাল দুর্গাপুজো। পুজোর ক’টা দিন কী পরব, কী খাব, কোন কোন ঠাকুর দেখব, এসব নিয়ে সারা বছর পরিকল্পনা ছকে আপামর বঙ্গবাসী। তাই জোর কদমে চলছে পুজোর শপিং। এদিকে কেনাকাটা করতে গিয়ে সারাদিন রোদে ঘোরাঘুরি করে অনেকেরই হাতে ট্যান পড়ে যায়। রোদে পোড়া হাতের ত্বক বেশি কালচে দেখায়। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ও ত্বক থেকে বেরনো মেলানিন পিগমেন্টের বিক্রিয়ার প্রভাবে ত্বক কালচে হয়ে যায়। অতিরিক্ত ট্যান থেকে ত্বকের ক্যানসার, ত্বকের অকালে বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে বলে জার্নাল অফ প্রাইমারি প্রিভেনশনে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে (Skin Care Tips)।
ঘরোয়া উপায় ঝকঝকে ত্বক কীভাবে পাবেন
প্ল্যান্টস জার্নালের গবেষণায় দেখা গেছে পাতিলেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিড্যান্ট বলে পরিচিত। লেবু অ্যাসিডিক বলে ট্যান কমায়। অন্যদিকে, চিনি ত্বকের মরা কোষ দূর করে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। একটা পাত্রে এক চামচ লেবুর রস ও এক চামচ চিনি মিশিয়ে হাতে লাগান। ৫-১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।
হলুদ ও দুধ মিশিয়ে প্যাক ব্যবহার করুন। হলুদে কারকুমিন নামক পদার্থ আছে যা অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্লেমটরি ও ক্যানসার প্রতিরোধকারী। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ধীরে ধীরে ত্বকের মরা কোষ ও কালচে পোড়া ভাব দূর করে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। ২ চামচ হলুদ বাটা ও এক চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে হাতে লাগান। ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন (Skin Care Tips)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
শশা কুচি ও ১ চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে হাতে লাগান। আফ্রিকান জার্নাল অফ বায়োটেকনোলজিতে বলা হয়েছে, শশার রস ট্যান দূর করতে সাহায্য করে। ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিন।
চন্দন গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে হাতে লাগান। ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। চন্দনের গুঁড়ো ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। গোলাপ জল চুলকানি দূর করে।
ওটসের গুঁড়ো, মধু ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করে হাতে লাগান। ৫-১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে (Skin Care Tips)।






