কলকাতা

নবান্ন অভিযান: অশোক দিন্দাকে হাজিরার নির্দেশ নিউ মার্কেট থানার

জানা গিয়েছে, নবান্ন অভিযানের দিন পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবারে হওয়া নবান্ন অভিযানকে (Nabanna March) ঘিরে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা সহ হাওড়ার একাধিক জায়গায়, তা নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই, পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৭টি এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। কীভাবে আঘাত পেলেন নির্যাতিতার মা, সেই ব্যাপারেও যাবতীয় সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: Heroin Bust: লালগোলায় ২৬৭ গ্রাম হেরোইন সহ তিনজন গ্রেফতার]

এবার এই ঘটনায় নিউ মার্কেট থানার তরফ থেকে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ তারিখ, তাঁকে হাজির হতে বলা হয়েছে। জানা গিয়েছে, নবান্ন অভিযানের (Nabanna March) দিন পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। সেদিন তিনি বলেছিলেন, “বিজেপির উপরমহল থেকে নির্দেশ এলে পুলিশকে আমরা মারবো। তখন ওদের মমতা ব্যানার্জির আচলে লুকোতে হবে।”

প্রসঙ্গত, আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার পরিবার। বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সাধারণ মানুষকেও এই আন্দোলনে সামিল হওয়ার অনুরোধ করা হয়। আগের রাতে মশাল মিছিল করেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। শ্যামবাজারে এক সভা থেকে এই সংক্রান্ত একাধিক বক্তব্য পেশ করা হয় নির্যাতিতার পরিবারের তরফ থেকে।

[আরও পড়ুন: Cabinet Meeting: সাত দিনের মধ্যে ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক]

শনিবার, ৯ আগস্ট, বিজেপি ও সাধারণ মানুষকে নিয়ে নবান্ন অভিযানে (Nabanna March) নামের নির্যাতিতার মা-বাবা। তবে পরিস্থিতি উগ্র হয়ে ওঠে সাঁতরাগাছি ও পার্ক স্ট্রিটে। সাঁতরাগাছিতে পুলিশের দিকে ইট ও কাঁচের বোতল ছোড়া হয়। অন্যদিকে, পার্ক স্ট্রিটে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের উপর, যার ফলে অনেকেই আহত হয়েছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও পুলিশের তরফ থেকেও দাবি করা হয় যে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হয় যখন পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপাল ফুলে যায় এবং রেসকোর্সে পাশে অবস্থানে বসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরই পুলিশ মোট ৭টি এফআইআর দায়ের করেন বিজেপি নেতাদের বিরুদ্ধে।

Related Articles