দেশ

Andaman: ইউনেস্কো স্বীকৃতির জন্য কেন্দ্রকে প্রস্তাব আন্দামান প্রশাসনের, চার ঐতিহাসিক-ভৌগোলিক স্থান তালিকাভুক্ত

ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ স্বীকৃতির জন্য কেন্দ্রশাসিত অঞ্চলটির চারটি জায়গার নাম প্রস্তাবিত করেছে প্রশাসন।

Truth of Bengal: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাকৃতিক বৈচিত্র্য ও ভৌগোলিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বড় পদক্ষেপ নিল দ্বীপপুঞ্জের প্রশাসন। ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ স্বীকৃতির জন্য কেন্দ্রশাসিত অঞ্চলটির চারটি জায়গার নাম প্রস্তাবিত করেছে প্রশাসন। এই তালিকায় রয়েছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, বিরল নরকোন্ডম হর্নবিল পাখির আবাসস্থল নরকোন্ডম দ্বীপ, বরাটাঙের কাদা আগ্নেয়গিরি (মাড ভলক্যানো) এবং শহিদ দ্বীপের প্রাকৃতিক সেতু (Andaman)।

আরও পড়ুন: Assam Eviction: অসমে ফের উচ্ছেদ অভিযান, ১৫ হাজার বিঘা বনভূমি দখলমুক্ত করতে মাঠে নামল সরকার

এই প্রস্তাবের বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ্যসচিব চন্দ্রভূষণ কুমার জানিয়েছেন, ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ-এর সঙ্গে যৌথভাবে এই ঐতিহ্যবাহী স্থানগুলির গুরুত্ব তুলে ধরার কাজ চলছে। তিনি বলেন, ‘ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভৌগোলিক ও প্রাকৃতিক ঐতিহ্য যথাযথ স্বীকৃতি পাওয়ার যোগ্য। এই প্রস্তাবের মাধ্যমে আমরা সেগুলিকে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চাই।’  মুখ্যসচিব আরও জানান, ‘গোটা দ্বীপপুঞ্জ জুড়ে পর্যটনের প্রসারের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জায়গাগুলি শুধু প্রাকৃতিক নয়, জীববৈচিত্র্য ও ইতিহাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত (Andaman)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ভারতের অন্যান্য জায়গার মতো আন্দামান-নিকোবরও এবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নাম লেখাতে আগ্রহী। এর আগে পশ্চিমবঙ্গের সুন্দরবন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং কলকাতার দুর্গাপুজো ইতিমধ্যেই এই সম্মান পেয়েছে। সুন্দরবনের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই এর বিস্তার রয়েছে। টয় ট্রেনের তালিকায় রয়েছে নীলগিরি ও শিমলার রেলপথও। বিশেষজ্ঞদের মতে, ইউনেস্কো স্বীকৃতি পেলে এই স্থানগুলির বিশ্বব্যাপী পরিচিতি বাড়বে এবং পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ঘটবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ কর্তারা (Andaman)।

Related Articles